নারী নির্যাতন রোধে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনার সভায় নারী-পুরুষ সম্মিলিতভাবে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: সকাল ১০টায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান বলেন, বাল্যবিবাহ নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায়। নারী নির্যাতনের অন্যতম কারণও হচ্ছে বাল্যবিবাহ। নারী-পুরুষ সম্মিলিতভাবে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। সভায় খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সরদার আনিসুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অলোকা নন্দা দাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন এবং খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন। এর আগে সকাল নয়টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বরিশাল: সকাল ১০টায় বরিশাল সরকারি মহিলা কলেজে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সম্মিলিত আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন পর্ষদের উদ্যোগে বিকেল চারটায় নগরের নাজির মহল্লায় নারী সমাবেশ হয়। বিকেল সাড়ে চারটায় অশ্বিনীকুমার হল চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেল পাঁচটায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠান হয়। সেখানে বন্ধুসভার ছেলেবন্ধুরা মেয়েবন্ধুদের ফুল ও স্ট্রবেরি দিয়ে শুভেচ্ছা জানান।
ফরিদপুর: সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে শোভাযাত্রা বের করা হয়। বেলা তিনটার দিকে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন হয়। পরে স্বাধীনতা চত্বরে আলোচনা সভা হয়। বেলা ১১টার দিকে প্রথম আলো বন্ধুসভা জয়িতা পুরস্কারজয়ী নারী জয়গুন বেগমকে সংবর্ধনা দেয়। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা হয়। টুঙ্গিপাড়া পৌরসভা এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের উদ্যোগে এ কর্মসূচি হয়।
ভোলা: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার শিকদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন। ইউনিসেফ, প্ল্যান বাংলাদেশ, ঢাকা আহসানিয়া মিশন, কোস্ট ট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এর আয়োজন করা হয়।
নড়াইল: সকাল ১০টায় শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিছুর রহমান। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা রোভা ফাউন্ডেশন, ব্র্যাক, বাঁচতে শেখা, ডেমক্রেসিওয়াচ, ওয়ার্ল্ড ভিশন ও ঢাকা আহসানিয়া মিশনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় পৌর ভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। নারীর অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীরা এতে অংশ নেন। পরে সংরক্ষিত কাউন্সিলর শেফালি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র ওবায়দুর রহমান চৌধুরী।
রাজবাড়ী: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী। শিল্পকলা মিলনায়তনে সহকারী অধ্যাপক শামীমা আক্তারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। পরে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পাথরঘাটা (বরগুনা): সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অন্তত ১৩টি সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠান করা হয়। শোভাযাত্রায় সংগঠনগুলোর স্বেচ্ছাসেবী কর্মীসহ তাসলিমা মেমোরিয়াল একাডেমি ও আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়।