নারী নির্যাতন রোধ আইনে মিথ্যা মামলা হচ্ছে, সত্য টিকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘নারী নির্যাতন রোধ আইনের সুযোগে দেশে একদিকে বহু মিথ্যা মামলা হচ্ছে, অন্যদিকে সত্য মামলা সঠিক তদন্তের অভাবে এবং আইনের মারপ্যাঁচে টিকছে না। এ অবস্থায় শুধু নারীর নয়, নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এক নির্যাতনমূলক নৈরাজ্যের দুর্ভাবনায় দিশেহারা। সুষ্ঠু আইনের শাসন ছাড়া আমাদের গত্যন্তর নেই।’হাবিবুর রহমান আরও বলেন, ‘ধর্মান্ধতা, ধর্মীয় সন্ত্রাস ও আইনশৃঙ্খলার অবনতিতে পুরুষের চেয়ে নারী বেশি ক্ষতিগ্রস্ত ও প্রতিকারহীন হয়ে পড়ে।’গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সেলিনা বাহার জামান স্মারক পঞ্চম বক্তৃতায় বিচারপতি হাবিবুর রহমান এসব কথা বলেন।সেলিনা বাহার জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদ এ বক্তৃতার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি শিক্ষাবিদ আনিসুজ্জামান। সংগঠক, সাহিত্যিক ও স্মারকগ্রন্থ সম্পাদনাকারী সেলিনা বাহারকে যেন কেউ না ভুলে যান, সে আহ্বান জানান তিনি।বিচারপতি হাবিবুর রহমান তাঁর ‘নারী-স্বাধীনতা’ বিষয়ক বক্তৃতাটি সেলিনা বাহারের উদ্দেশে উৎসর্গ করেন। হাবিবুর রহমান জাতিসংঘের এক সমীক্ষা উল্লেখ করে জানান, পৃথিবীর দুই-তৃতীয়াংশ কাজ এবং ৪৫ ভাগ খাদ্য উৎপাদন করে নারী। কিন্তু আয়ের শতকরা ১০ ভাগ এবং সম্পত্তির শতকরা ১ ভাগ মালিকানা ভোগ করে তারা।২০০৮ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিতে স্থাবর-অস্থাবর সম্পত্তিতে নারীর সমান অধিকারের প্রশ্নে মৌলবাদী গোষ্ঠীর অবস্থান উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, বর্তমান জগতে অত্যাধুনিক প্রযুক্তির বদৌলতে নারী যখন পুরুষের মতো সমান দক্ষতায় তার কর্তব্য সমাধান করতে পারছে, তখন কোন মুখে পুরুষ তার এক কাঠি অতিরিক্ত কর্তৃত্বের কথা দাবি করবে?লিখিত বক্তৃতায় হাবিবুর রহমান হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং সরকারি সংসদীয় দলের নেত্রী ও উপনেত্রী যে সাফল্য অর্জন করেছেন, তাতে লোকে আশা করতেই পারে যে দেশে মা-বোনদের অবস্থার উন্নতি হবে। কিন্তু পরিতাপের বিষয়, কেবল আইনশৃঙ্খলার অবনতির কারণে এসিড নিক্ষেপ ও নারী নির্যাতন বেড়েছে। ইভ টিজিংয়ের মতো অসদাচরণ হত্যা ও আত্মহত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।’অনেক হতাশার পরও হাবিবুর রহমান বলেন, ‘আজ বিশ্বায়নের যুগে আমরা যেমন দিশেহারা, তেমনি নতুন দিশার প্রত্যাশী। নারীর পুরুষসঙ্গী তার মিত্র হতে পারে। নারী-পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টার ওপর বঞ্চিত-অবহেলিতদের মুক্তি নির্ভর করছে।’নারী নেতৃত্ব প্রসঙ্গে বিচারপতি হাবিবুর রহমান আরও বলেন, ‘আমাদের দেশের রাজনীতিতে নারীর প্রভাব অসামান্য। দুই প্রধান নেত্রী দুই প্রধান রাজনৈতিক দলকে এতিম অবস্থায় পেয়ে অঞ্চলে (আঁচলে) আশ্রয় দিয়েছিলেন। দেশের সাধারণ লোক বরাবরই দুজনকে একসঙ্গে দেখতে চায়।’হাবিবুর রহমান বলেন, ‘ধর্মীয় নেতাদের ফতোয়া দিয়ে শাস্তিবিধান আইনবিরুদ্ধ বলে সর্বোচ্চ আদালত ঘোষণা দিলেও প্রত্যন্ত ও গ্রামীণ আবহাওয়ায় দোররা মারার সংবাদ আমরা এখনো পাই।’হাবিবুর রহমানের মতে, নারীর কীর্তি পুরুষের ইতিহাসে শুধু উপেক্ষিত নয়, অপহূতও। নারীর মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ, অবকাশ বা স্বীকৃতি পাওয়া যায় না।ভারতের হিন্দু আইনের উল্লেখযোগ্য সংস্কারের কথা উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে এ ব্যাপারে হিন্দুদের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই। বরং আশঙ্কা রয়েছে উত্তরাধিকারের ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য তিরোহিত হলে এবং হিন্দু নারী যদি অহিন্দুকে বিয়ে করে তবে অবিভক্ত হিন্দু পরিবারের ধারণা ভেঙে চুরমার হয়ে যাবে।’হাবিবুর রহমান বলেন, বিলীয়মান সামান্য কিছু মাতৃতান্ত্রিক সমাজ ছাড়া পৃথিবীর প্রায় সর্বত্র পুরুষতন্ত্র বিরাজ করছে। দেশভেদে তারতম্য থাকলেও পুরুষদের ধারণা দেওয়া হয় যে তারা নারীদের ঊর্ধ্বতন এবং নারী তাদের অধস্তন।বিভিন্ন ধর্মের ব্যাখ্যা, ঐতিহাসিক প্রেক্ষাপট, নারী স্বাধীনতা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত, আলোচনা, সেমিনারে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে তথ্য উল্লেখ করে হাবিবুর রহমান বক্তৃতাটি উপস্থাপন করেন। এ প্রসঙ্গে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বক্তৃতায় অনেক তথ্য পেয়েছি। স্মারক বক্তা অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, যা চিন্তার খোরাক দেবে।’অনুষ্ঠানে অধ্যাপক কাজী মদিনা সেলিনা বাহার জামানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। গান পরিবেশন করেন নাসরিন শামস্।