নারী নির্যাতন রোধে পুরুষদের এগিয়ে আসার আহ্বান
নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদরের একটি হোটেলে দুর্বার নেটওয়ার্ক চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুর্বার নেটওয়ার্ক চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে নারী নির্যাতন রোধে পুরুষের এগিয়ে আসার পাশাপাশি নারীদেরও শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসতে হবে। নারীদের তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পাহাড়ে নারী নির্যাতনের হার অনেক কম। তবু এ অঞ্চলে নারী অধিকারের অনেক সদস্যা রয়েছেন। আমাদের সমাজ পুরুষশাসিত সমাজব্যবস্থা। তাই আমাদের মনের অগোচরে পুরুষ ও নারী উভয়ের মধ্যেই পুরুষতান্ত্রিকতার মানসিকতা রয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে তা দূর করতে হবে। অনুষ্ঠান শুরুতেই ধারণাপত্র পাঠ করা হয়। এতে নারীর প্রতি সহিংসতাকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেফালিকা ত্রিপুরা। এ ছাড়া বক্তব্য দেন লামা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, দীঘিনালা উপজেলার নারী ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা প্রমুখ।