নারী নির্যাতনকারীদের কোনো রাজনৈতিক দলের সদস্যপদ না দেওয়া ও সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি, নারী অধিকার কর্মী ও ছাত্রনেতারা। গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাউখালীর অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ও উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক যৌথভাবে এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসি প্রু চৌধুরী বলেন, ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি আর নারী নির্যাতনের ঘটনা ঘটবে না। আগামী বছর যেন বলতে পারি নারী নির্যাতনের একটি ঘটনাও আমাদের উপজেলায় ঘটেনি।’
নারী নির্যাতনকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন পার্বত্য চট্টগ্রামের সভাপতি টুকু তালুকদার বলেন, নারীদের মর্যাদা না দিলে সমাজ এগিয়ে যেতে পারবে না। প্রায় দুই বছর আগে অষ্টম শ্রেণির ছাত্রী তুমাচিং মারমার ধর্ষণের পর হত্যার ঘটনা উল্লেখ করে টুকু তালুকদার বলেন, ধর্ষণ ও হতার ঘটনাগুলো ঘটছে বাড়ির পাশে। তাই পাড়ায় পাড়ায় নারী নির্যাতন বিরোধী দল গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী সুস্মিতা চাকমা বলেন, বিচারহীনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ের কারণে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। যে দলে নারী নির্যাতনকারী থাকবে সে দলকে বর্জন করতে হবে।
বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সভাপতি সানুমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান অ্যানি চাকমা, ভাইস চেয়ারম্যান মংসিং উ মারমা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কান্তি বড়ুয়া, ব্লাস্টের আইন সহায়তা কর্মকর্ত মুক্তাশ্রী চাকমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের উপদেষ্টা কংচাই মারমা, সভায় কেন্দ্রীয় সভাপতি বোঅং সিং মারমা, সাংবাদিক হরি কিশোর চাকমা প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় নারী নির্যাতনবিরোধী শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।