নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মেধাবী স্কুলছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পাসহ দেশের বিভিন্ন জায়গায় নারী ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ফরিদপুর জেলা শাখা এ কর্মসূচি পালন করে। গতকাল বেলা ১১টায় ফরিদপুর শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচি চলাকালে সুপ্রর লিফলেট পাঠ করেন আবু নাসির আলম। লিফলেটে দেশের প্রচলিত আইনের বাস্তবায়ন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সামাজিক সচেতনতা সৃষ্টি, সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ আট দফা দাবি তুলে ধরা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এস এম নুরুন্নবী, শিপ্রা রায়, এম এ জলিল, আজহারুল ইসলাম, কবিরুল ইসলাম সিদ্দিকী, সালামত হোসেন খান, আসমা আক্তার, বেলায়েত হোসেন, শিপ্রা গোশ্বামী, ডিউভি সিকদার, আকবর হোসেন ও চম্পার চাচা আলমগীর মিয়া। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর সকালে সদরের কাশিমাবাদ গ্রামে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সোহরাব শেখের মেহগনি বাগানের একটি গাছ থেকে চম্পার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিনই জাকিয়ার ভাই হাসিবুল বাদী হয়ে শামীম মণ্ডলসহ (২২) ছয়জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।