নারী নির্যাতনবিরোধী শিক্ষা শুরু হোক পরিবারে

‘নারী নির্যাতন রোধে এই সময়ে করণীয়’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভা। আজ শনিবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও জেন্ডার ক্লাব এ আযোজন করেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, জনসমাগমস্থল—প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। সময়ের সঙ্গে পাল্টাচ্ছে নির্যাতনের ধরন। সাইবার জগতে নারীর প্রতি হয়রানি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এসব নির্যাতন রোধে পরিবার ও স্কুলপর্যায় থেকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা শুরু হতে হবে। নারীর প্রতি নির্যাতনবিরোধী আন্দোলনে পুরুষদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে আজ শনিবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও জেন্ডার ক্লাব আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ‘নারী নির্যাতন রোধে এই সময়ে করণীয়’ শীর্ষক সভায় বক্তারা নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা ও বিচারপ্রক্রিয়া দ্রুত করার ওপর জোর দেন। যাতে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় পড়ে কোনো নারীর বিচার চাওয়ার আগ্রহ হারিয়ে না যায়।

আলোচনা সভার সূচনা বক্তব্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ বলেন, নারীর প্রতি নির্যাতনের বেশির ভাগ ঘটে কাছের মানুষের মাধ্যমে পারিবারিক বলয়ে। কোভিডের সময়ে নারী নির্যাতনের ঘটনা অনেক বেড়েছে। দেশে নারী নির্যাতন রোধে উপযুক্ত আইনি কাঠামো আছে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নারী নির্যাতন রোধ করা সম্ভব। নারীর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে স্কুলপর্যায় থেকে ছেলেমেয়েদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মালেকা বেগম। তিনি বলেন, নারী নির্যাতন রোধে গণমাধ্যমসহ প্রতিটি ক্ষেত্রের মতামত উঠে আসা দরকার। এতে করণীয় ঠিক করতে সুবিধা হয়। সমতার জন্য ও নির্যাতন প্রতিরোধের জন্য কী কী করা প্রয়োজন, তা জানতে পারলে শিক্ষার্থীরা উপকৃত হয়। তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানাবোঝার জন্য নারী অধিকারের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার লোকজনকে দিয়ে সময়–সময় ক্লাস নেওয়ার প্রস্তাবও রাখেন তিনি।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান বলেন, অর্থনৈতিক কারণে অনেক পরিবার মেয়েসন্তানকে বোঝা মনে করে। তারা ছেলেটির জন্য পড়াশোনায় ব্যয় করে। মেয়েকে বিয়ে দিয়ে দেয়। অপরিণত বয়সের সম্পর্ক ছেলে-মেয়ে দুজনের জন্যই খারাপ পরিণতি ডেকে আনে। তাই যৌনতাবিষয়ক শিক্ষাকে সাধারণ স্বাস্থ্যজ্ঞান হিসেবে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে এবং তা শেখানোর জন্য সংবেদনশীল শিক্ষক গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তিনি অ্যাসিড-সহিংসতার বিরুদ্ধে আন্দোলন সফল হওয়ার পেছনে প্রয়াত নারীনেত্রী নাসরীন হকের কথা স্মরণ করেন। তিনি বলেন, নাসরীন হকের প্রচেষ্টায় সবাইকে এ আন্দোলনে সম্পৃক্ত করা সম্ভব হয়েছিল।

আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাতজন সাংবাদিক। নিউজ ২৪-এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী বলেন, পরিবার থেকেই নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা শুরু হতে হবে। যে ছেলেসন্তান মায়ের প্রতি বাবার নির্যাতন দেখে, সে বড় হয়ে অন্য নারীদের প্রতিও সে রকম দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়। নারী নির্যাতন রোধে পুরুষের মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। নারীকেও নির্যাতন প্রতিরোধের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বলেন, যুগের সঙ্গে নারী নির্যাতনের ধরন পাল্টাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর ছবি দিয়ে বা একটি নেতিবাচক মন্তব্য করে সমালোচনার ঝড় তোলা হয়। কেউ তথ্যগুলো সত্য কি না, তা যাচাই না করেই বিশ্বাস করতে শুরু করেন। একজন নারীকে চরম হেনস্তা করে সামাজিক যোগাযোগমাধ্যমেই বিচার করা হয়ে যাচ্ছে। এই সমস্যাকে কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে প্রতিটি পর্যায়ে আলোচনা শুরু করা দরকার।

৭১ টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা বলেন, নারী-পুরুষের একসঙ্গে অংশগ্রহণ এবং গণমাধ্যমের অব্যাহত সহায়তায় নির্যাতনের বিরুদ্ধে যে সফল হওয়া যায়, তার বড় উদাহরণ অ্যাসিড-সন্ত্রাস উল্লেখযোগ্য হারে কমে আসা। নারী নির্যাতনের অন্যান্য ক্ষেত্রেও সফলতার জন্য পুরুষকে সমানভাবে সম্পৃক্ত করতে হবে। নারীর বিরুদ্ধে সাইবার হয়রানি ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার জগতে ক্রমাগত চরিত্র হনন, ব্ল্যাকমেল করার ঘটনা নারীদের মধ্যে একধরনের ভীতি তৈরি করেছে।

নাগরিক টেলিভিশনের প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে ছেলেমেয়েকে সমানভাবে বড় হওয়ার শিক্ষা দেওয়া প্রয়োজন, সেখান সমানভাবে দেখার দৃষ্টিভঙ্গি সংকুচিত হয়ে পড়েছে। অন্য মেয়েদের জন্য সাহসের দৃষ্টান্ত তৈরির লক্ষ্যে প্রত্যেক মেয়েকে নিজের জায়গায় লড়াই করে জয়ী হতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের প্রতিবেদক রাবেয়া বেবী, দীপ্ত টিভির সাদিয়া শারমিন এবং প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। আলোচনা সভা সঞ্চালনা করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসিফুন নাহার। অনুষ্ঠানটি দীপ্ত টিভির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।