নারী নির্যাতনের খবর ছাপা হচ্ছে আঞ্চলিক পাতায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন গণমাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রে নারী নির্যাতনের ঘটনা আঞ্চলিক সংবাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। নারীর প্রতি সহিংসতা বলতে গণমাধ্যমে হত্যা ও যৌন নির্যাতনের খবরই বেশি আসে। যৌতুক, বাল্যবিবাহসহ নারীর প্রতি সামাজিক-অর্থনৈতিক নির্যাতনের ঘটনা নিয়ে তুলনামূলক কম খবর ছাপা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অর্ধেকের বেশি সংবাদে নারী-পুরুষের মধ্যে বৈষম্যেরও কোনো প্রতিফলন হয় না। অথচ লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের ৯৬ শতাংশের বেশি নারী।

গণমাধ্যমে নারী: লিঙ্গভিত্তিক সহিংসতানির্ভর আধেয় সমীক্ষা শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সমীক্ষার ফলাফল নিয়ে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান এ গবেষণা করেছেন। গবেষণা সহকারী ছিলেন বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রভাষক জেনিনা ইসলাম। গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ১৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত লিঙ্গভিত্তিক সহিংসতাবিষয়ক ৩০৭টি সংবাদের ওপর এ সমীক্ষা করা হয়েছে। ১৫টি সংবাদমাধ্যমের মধ্যে পাঁচটি সংবাদপত্র, পাঁচটি টেলিভিশন চ্যানেল ও পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, জুলাই মাসের ১৫ দিনে প্রকাশিত ও প্রচারিত ৩০৭টি সংবাদের মধ্যে দেখা গেছে, নারীর প্রতি সহিংসতার খবর ছিল ৩০৩টি, পুরুষের ওপর তিনটি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর একটি। নারীর প্রতি সহিংসতা বলতে হত্যা, শারীরিক বা যৌন নির্যাতনকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত সহিংসতার সংবাদের ৩৭ শতাংশ ছিল নারীকে হত্যা, ২০ শতাংশ ছিল ধর্ষণের ঘটনা। কিন্তু যৌতুক, বাল্যবিবাহ, বৈষম্যসহ সামাজিক-অর্থনৈতিক নির্যাতনের সংবাদ তুলনামূলক কম ছাপা হচ্ছে। নারীর প্রতি সহিংসতা বিষয়ে সম্পাদকীয় প্রকাশের সংখ্যাও অনেক কম।

সমীক্ষায় বলা হয়, গণমাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতার সংবাদগুলোকে আঞ্চলিকীকরণ করা হচ্ছে। সংবাদপত্রের ক্ষেত্রে ৬২ শতাংশ, টেলিভিশনে ৭২ দশমিক ৭২ শতাংশ ও অনলাইন নিউজে ৫১ শতাংশ ক্ষেত্রে আঞ্চলিক পাতায় বা আঞ্চলিক সংবাদ হিসেবে নারী নির্যাতনের ঘটনা প্রকাশ বা প্রচার হয়েছে। সংবাদপত্রে এ সংক্রান্ত খবর এক কলামে ছাপা হয়েছে ৬২ শতাংশ ক্ষেত্রে। ৮৮ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে ৩০০ শব্দের নিচে সংবাদটি ছাপা হয়েছে। টেলিভিশন ও অনলাইন মাধ্যমের তুলনায় সংবাদপত্রে নারী-পুরুষের বৈষম্যের বিষয়টি বেশি তুলে ধরা হয়েছে।

সমীক্ষায় বলা হয়, সহিংসতার শিকার নারীর পরিচয় বা ছবি প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলোতে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে অনলাইন সংবাদমাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতার সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি নৈতিকতা লঙ্ঘন করা হচ্ছে।

সভায় বক্তারা বলেন, গবেষণাটি নারীর প্রতি গণমাধ্যমের গৎবাঁধা উপস্থাপনের চিত্রকে তুলে ধরেছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে ও সংবেদনশীলতা তৈরির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কথা বলেন তাঁরা।

সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, আতিকুর রহমান, কবি-সাংবাদিক ওমর কায়সার, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সুবর্ণা মজুমদার প্রমুখ।