
দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসছে বিশাল আকৃতির একটি ড্রাগন। তার নিচে কুঁজো হয়ে আছে এক নারী। যেন ড্রাগনের ভয়ে নুয়ে আছে সে। তবে পিঠে আছে দুটি ডানা। হয়তো এই ডানায় উড়াল দিয়েই ড্রাগনের কাছ থেকে মুক্তি মিলবে তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনের দেয়ালে আঁকা হয়েছে এমন গ্রাফিতি। তুলে ধরা হয়েছে নারী নির্যাতন, ধর্ষণ, নারী জাগরণ ও নারীমুক্তির বিষয়কে। আঁকিয়েরা বলছেন, এই গ্রাফিতিতে দেয়াল আসলে সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতার প্রতীক। আর ড্রাগন হলো অপশক্তি। মূল্যবোধের এই দেয়াল ভেঙে দিয়ে ড্রাগনটি সমাজে প্রবেশ করছে। আর নারীর কুঁজো হয়ে থাকাটা মূল্যবোধহীন সমাজ ও এর কার্যক্রমের কারণে ভীত হয়ে থাকাকে ইঙ্গিত করছে। একই সঙ্গে নারীর পিঠে আঁকা ডানা দিয়ে বোঝানো হয়েছে যে এমন অবস্থা থেকে নারী মুক্তি চায়।
শামসুন্নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে গত মাসে আঁকা হয়েছিল এই গ্রাফিতি। আঁকিয়েরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র এবং ছাত্র ইউনিয়নের কর্মী। তাঁরা বলছেন, নির্যাতন দিবস উপলক্ষে আঁকা হলেও এগুলোর ধারণা নেওয়া হয়েছে সমসাময়িক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীর ওপর করা নির্যাতন থেকে।
দেয়ালজুড়ে এক ক্যানভাসে আঁকা হয়েছে এমন আরও তিনটি গ্রাফিতি। পাশে এক বার্তায় বলা হয়েছে, ‘এমন নিকষ কালো রাত যেন আর না ফিরে আসে’।
এক গ্রাফিতিতে লাল রঙের জামা পরা এক নারীর পাশে আক্রমণাত্মক হয়ে আছে একটি হায়েনা। হায়েনার হাতের আঁচড়ে রক্ত ঝরছে নারীর বুক থেকে। আর চুলের খোঁপা থেকে ঝরে পড়ছে ফুলের পাপড়ি। আঁকিয়েরা বলছেন, বিভিন্ন আন্দোলনে নারীর ওপর শারীরিক নির্যাতনের মতো সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই আঁকা হয়েছে এই গ্রাফিতি। যেখানে হায়েনা হল অপশক্তি। আর নারীর খোঁপা থেকে পাপড়ি ঝরে পড়ার যে চিত্র সেটি বোঝাচ্ছে, সমাজে পুরুষের মতো নারীরও বোধ থাকে। যেগুলো শুভ চিন্তার প্রতীক। নারীর ওপর শারীরিক নির্যাতনে মানসিক ট্রমার যেমন সৃষ্টি হচ্ছে, তেমনি সমাজ নিয়ে তার ধারণা বা শুভ চিন্তাগুলোও বদলে যাচ্ছে। সমাজের মূল্যবোধ ঝরে পড়ার কারণেই যে এমন নির্যাতনের সংস্কৃতি চলছে, সেটিও বোঝানো যায় এই পাপড়ি ঝরার দৃশ্য দিয়ে।
অপর এক গ্রাফিতিতে এসে কোনো প্রতীকের আশ্রয় নেওয়া হয়নি। বরং সরাসরি নারীর ওপর রাষ্ট্রযন্ত্রের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে, নির্যাতন থেকে বাঁচতে দৌড় দেওয়া এক নারীর পিঠে রাইফেল দিয়ে আঘাত করছে এক পুলিশ সদস্য। সম্প্রতি বিভিন্ন আন্দোলন দমনে নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। আঁকিয়েরা বলছেন, রাষ্ট্র নারী জাগরণের কথা বলে। কিন্তু নারীকে দমিয়ে রাখার জন্য সেই রাষ্ট্রেরই এক বাহিনী অস্ত্র নিয়ে হামলা করে। দ্বিমুখী এই আচরণ যে ধারণার জন্ম দেয়, সেটি ফুটে উঠেছে এই গ্রাফিতিতে।
এই গ্রাফিতির পাশেই আঁকা হয়েছে নারীমুক্তির চিত্র। যেখানে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে কয়েকজনকে। তার পাশে শিকল ভাঙছে কয়েকজন নারী। এই চিত্রে কয়েকজন নারীকে সংগঠিত অবস্থায় দেখানো হয়েছে। আঁকিয়েরা বলছেন, কোনো মুক্তিই সহজে আসে না। সংগঠিত হতে হয়। নিপীড়ন-নির্যাতনের পরিবেশ থেকে বেরিয়ে আসতে সংগঠিত নারীশক্তিই দিতে পারে মুক্তির বার্তা।