নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে দুটি সংগঠন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল রোববার বিকেলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ওপর নির্যাতন চলছে। এর বিরুদ্ধে সারা দেশে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সেখানে অপরাধের প্রবণতা বাড়ছে।
বক্তারা অভিযোগ করেন, গত ২৮ জানুয়ারি বান্দরবান জেলার রুমা থানায় বম সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে রাতে বাড়ি ফেরার পথে এক বম কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিভিন্ন প্রভাবশালী মহল এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির চট্টগ্রাম জেলার সম্পাদক অমৃত বড়ুয়া, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়ক হাসান মারুফ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলার সহসাধারণ সম্পাদিকা পূরবী দত্ত, বাসদের চট্টগ্রাম জেলার আহ্বায়ক অপু দাশ গুপ্ত, পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শান্ত চাক, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক বিজয় চাকমা প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমা।