নারী নির্যাতনের বিরুদ্ধে আজ সারা দেশে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আজ দেশের মানুষ নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনে একে অন্যের সঙ্গে সংহতি প্রকাশ করবে। তবে মানববন্ধনের এই আয়োজন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই পালিত হবে। বিশ্বের শতকোটি মানুষ দাঁড়াবে নারী নির্যাতনের বিরুদ্ধে।‘ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর)’ বা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শীর্ষক বিশ্বব্যাপী একটি প্রতিশ্রুতির প্রতি সংহতি জানিয়ে দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গত বছরের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই প্রতিশ্রুতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।গত রোববার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন বেসরকারি সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে আজকের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আজ রাজধানীসহ সারা দেশে বেলা একটা থেকে দেড়টার মধ্যে দুপুরের খাবারের কর্মবিরতির সময়টুকুতে নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেবেন সবাই। নারী নির্যাতনকে আর মেনে নেওয়া হবে না—এই অঙ্গীকারও করবেন তাঁরা।বাংলাদেশে প্রায় ২০০ বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনজিওসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে।এই আন্দোলনের কয়েকজন সমন্বয়কারীর মধ্যে একজন জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার প্রথম আলোকে বলেন, বিশ্বের প্রতি তিনজন নারীর মধ্যে একজনই নির্যাতনের শিকার। এই বাস্তবতায় বিশ্বের ১০০ কোটি মানুষকে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। দেশে পোশাকশিল্প কারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশা-শ্রেণীর প্রতিনিধিদের কথা চিন্তা করে দুপুরের খাবারের কর্মবিরতির সময়টুকুকে বেছে নেওয়া হয়েছে।আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে, আসাদগেটে রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে, ঢাকা-আরিচা মহাসড়কে গণস্বাস্থ্য কেন্দ্র ও জাতীয় স্মৃতিসৌধে, ধানমন্ডি ২৭ নম্বর, গুলশান ১ ও ২ নম্বর গোলচত্বর, জাতীয় প্রেসক্লাবের সামনে, জাতীয় সংসদ ভবনের সামনে, কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনেসহ মোট ৩৬টি স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হবে।এ ছাড়া আজ বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা, ছবি প্রদর্শনী, দেয়াললিখন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে।