দেশে অ্যাসিড নিক্ষেপ, যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। দিনে দিনে এই নির্যাতনের মাত্রা ও ধরন ভয়াবহ রূপ নিচ্ছে। মাত্রাতিরিক্ত এসব সহিংস ঘটনা বন্ধে এখনই সোচ্চার হতে হবে।অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল রোববার মিরপুর সনি সিনেমা হলের সামনে প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনকালে বক্তারা এসব কথা বলেন। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান। গত বুধবার রাতে মাদকাসক্ত স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলছে গেছে পোশাকশ্রমিক মরিয়ম বেগমের শরীর। মরিয়ম বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মিরপুর পল্লবী বন্ধুসভা গতকাল এই মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, প্রথম আলো অ্যাসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার। যেখানেই অ্যাসিড নিক্ষেপের ঘটনা, সেখানেই প্রথম আলো মনববন্ধনের আয়োজন করে। তিনি আরও বলেন, যে দেশের নারীরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠছে, সেই দেশে নারীদের ওপর নির্যাতনের প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি লজ্জাজনক।অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা সব সময় দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করি, আর তারই ধারাবাহিকতায় নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’মানববন্ধনে উপস্থিত পল্লবী বন্ধুসভার সদস্য সাকিয়া রিপা বলেন, আমাদের তরুণদের মানসিকতা পরিবর্তনের সঠিক সময় এখনই। আর প্রথম আলোর মতো দেশের টেভি চ্যানেলগুলো এমন মানবিক কাজের মধ্য দিয়ে তরুণদের উৎসাহিত করতে পারে।মানববন্ধনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, প্রথম আলো ট্রাস্ট সমন্বয়কারী আজিজা আহমেদ এবং কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল অংশ নেন। এ ছাড়া প্রথম আলো পল্লবী বন্ধুসভার সদস্যরা এতে উপস্থিত ছিলেন।