নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং ব্র্যাকের জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি বিভাগের যৌথ শোভাযাত্রা ষ ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং ব্র্যাকের জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি বিভাগের যৌথ শোভাযাত্রা ষ ছবি: প্রথম আলো

শোভাযাত্রা, চিত্রপ্রদর্শনী, মানববন্ধনসহ বিভিন্ন আয়োজনে গতকাল সোমবার নগর মুখর ছিল। এসব আনুষ্ঠানিকতায় আহ্বান ছিল একটাই—তা হলো নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর এ আহ্বান জানানোর মধ্য দিয়েই পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সংগঠন গতকাল দিবস পালনের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ বা প্রতিরোধ পক্ষ হিসেবে পালন করবে। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ল্যাটিন আমেরিকার ডমিনিক্যান রিপাব-লিকের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সংগত বিদ্রোহ করার অপরাধে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনা স্মরণেই দিবসটির সূচনা।

গতকাল দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং ব্র্যাকের জেন্ডার জাস্টিস এবং ডাইভারসিটি বিভাগ যৌথভাবে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক শোভাযাত্রার আয়োজন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ার নাজমা চৌধুরী, বিভাগের চেয়ার তানিয়া হক, সংখ্যাতিরিক্ত অধ্যাপক নাজমুন্নেসা মাহতাবসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়াও ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রাঙ্গণ ও জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ করে।নারীপক্ষের কার্যালয়ের সামনে বিকেলে ব্যানার, ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন নারীপক্ষসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় নারী প্রতিনিয়ত যে নির্যাতনের শিকার হচ্ছে তা রোধে ‘নারীর প্রতি সহিংসতা আর না’ শিরোনামে প্রচারপত্র বিতরণ করা হয়।