নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীকে হত্যা, ধর্ষণ, উত্ত্যক্ত করা, পাচার ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী কমরেডরা। একই সঙ্গে তাঁরা অবিলম্বে ইলোরা, পিংকি, ইন্দ্রাণী, রুমী, ফাহিমা ও সিমির হত্যার বিচার দাবি করেছেন।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সিপিবির মানববন্ধন কর্মসূচিতে নারীনেত্রীরা এ দাবি জানান। নারী নির্যাতনকারীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, অবিলম্বে নারীর হত্যাকারী, ধর্ষক ও নির্যাতনকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রত্যেক পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, পুঁজিবাদী পুরুষতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নারীকে পণ্য ও ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে। ফলে পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সব ক্ষেত্রে নারীরা চরম নির্যাতন, নিপীড়ন ও অবমাননার শিকার হচ্ছেন। মুক্তিযুদ্ধের সময়ের খুনি ও ধর্ষকদের শাস্তি দিতে যেমন বিশেষ আদালত গঠন করা হয়েছে, তেমনই বিশেষ আদালত গঠন করে নারীর খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হায়দার আকবর খান, লীনা চক্রবর্তী, আইনজীবী মাকসুদা আক্তার লাইলি, জলি তালুকদার, কৃষ্ণা রহমান, কল্যাণী দে প্রমুখ। হত্যাকাণ্ডের শিকার ইলোরার বড় ভাই হাফিজ আল ফাহাদও এ সময় বক্তব্য দেন।