নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মূল কক্ষে সবাই দাঁড়িয়ে বুকে হাত রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন। চোখের সামনে কাউকে নির্যাতনের শিকার হতে দেখলে চুপ করে না থাকারও শপথ নিলেন। ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেনের (ইউনিফেম) আঞ্চলিক প্রোগ্রাম ডিরেক্টর চাঁদনি জোসির আহ্বানে তাঁর সঙ্গে গলা মিলিয়ে এ শপথে অংশ নেন সবাই।
গতকাল শনিবার জেন্ডার ও উন্নয়নবিষয়ক ‘জেন্ডার, ডাইভারসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই চাঁদনি জোসি সম্মেলনে উপস্থিত সবাইকে এভাবেই উদ্দীপ্ত করেন। নেপালের চাঁদনি জোসী নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পরিবারে শিশুরা যাতে নারীর প্রতি সম্মানবোধ নিয়ে বেড়ে ওঠে সে বিষয়েও গুরুত্ব দেন। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলন শুরু হয়েছে গত শুক্রবার।
গতকাল দিনব্যাপী সিনেট ভবনের বিভিন্ন হলে চলতে থাকে নারী, জেন্ডার, উন্নয়ন, পৌরুষ, পুরুষতান্ত্রিকতা, জলবায়ু পরিবর্তনের ফলে জেন্ডারের বিষয়গুলো কীভাবে পরিবর্তিত হয়, নারী ও কিশোরীর প্রজনন স্বাস্থ্য, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ উত্তরণের উপায়সহ নানান আলোচনা। আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তরপর্বে আলোচকেরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তরপর্বে জাতীয় সংসদের স্বতন্ত্র সাংসদ এবং আওয়ামী লীগ নেতা হাজি মো. সেলিম কয়েক দিন আগে সংসদে পুরুষ নির্যাতনবিরোধী আইন প্রণয়ন করার যে দাবি তুলেছেন, তা কতটুকু যৌক্তিক বা দেশে দুই যুগ ধরে দুজন নারী নেতৃত্ব দিলেও নারী নির্যাতন প্রতিরোধসহ অন্যান্য ক্ষেত্রে আসলেই কতটুকু অগ্রগতি হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বিবাহিত নারী স্বামীর মাধ্যমে যে যৌন নির্যাতনের শিকার হন, তা কেন আইনের আওতায় আসবে না সে ধরনের প্রশ্নেও নতুন করে আলোচনার সূত্রপাত ঘটে। আলোচকদের অনেকেই নিজের ব্যক্তিজীবনে শুধু কন্যাসন্তানের জন্ম দেওয়ার কারণে পরিবারের ভেতরে এবং কর্মক্ষেত্রে শুধু নারী হওয়ার কারণে কী ধরনের বৈষম্যের শিকার হয়েছেন তা-ও তুলে ধরেন অকপটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ সম্মেলনের আয়োজন করে। এতে সহায়তা করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ, ইউএসএআইডি, মানুষের জন্য ফাউন্ডেশন, কেয়ারসহ বিভিন্ন সংস্থা।
নারী এবং পোশাকশিল্পবিষয়ক এক অধিবেশনে কেয়ারের একটি প্রকল্পে অংশ নিয়ে নারী পোশাকশ্রমিকেরা কীভাবে নিজেদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন তা তুলে ধরেন জাহানারা, নিলুফার ইয়াসমীন ও লিপি। ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন: ডাইভারসিটি ইন প্র্যাকটিসেস, পলিসিস অ্যান্ড চ্যালেঞ্জেস’শীর্ষক আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাতেমা সুলতানা ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ধর্ষণের পর দেওয়া বিভিন্ন রায় পর্যালোচনা করে তাঁর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি একটি মামলার উদাহরণ দিয়ে বলেন, মেয়েটির বয়স ছিল ১৩ বছর। সে গণধর্ষণের শিকার হয়। তবে মেডিকেল পরীক্ষায় বলা হয়, মেয়েটির বয়স ১৬ বা ১৭ বছর। সে যৌনকর্মে অভ্যস্ত। সে ধর্ষণের শিকার হয়নি। এরপর মেয়েটি আত্মহত্যা করে। এ ছাড়া সাক্ষ্য আইনসহ বিভিন্ন আইনে নারীর চরিত্র খারাপ না তা নারীকেই প্রমাণ করতে হয়। ধরেই নেওয়া হয় যৌনকর্মীরা কখনো ধর্ষণের শিকার হন না।
গতকাল সম্মেলনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পোস্টার প্রদর্শনীর আয়োজন করেন।