বিচারের জন্য নথি কোর্ট মার্শালে পাঠাতে হবে
নারী নির্যাতনের মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত
একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে করা মামলার নথি কোর্ট মার্শালে পাঠাতে সেনাসদর দপ্তরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার নির্দেশ দিয়েছেন আদালত।
রিট আবেদনকারীর আইনজীবী অনীক আর হক প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের স্থগিতাদেশের ফলে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষকে মামলার নথি এখন কোর্ট মার্শালে পাঠাতে হবে।
গত ২ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ভূঁইয়া। এতে অভিযোগ করা হয়, ৩০ মার্চ যৌতুকের দাবিতে তাঁর মেয়ে নুসরাত জাহানকে মারধর করেছেন তাঁর স্বামী মেজর মো. নাজির উদ্দিন।
পরে গত ১১ মে সেনাসদর দপ্তরের লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে সেনা কর্মকর্তা নাজির উদ্দিনের বিচার কোর্ট মার্শালে করার জন্য মামলার নথি চেয়ে পাঠানো হয়। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন নূরুল ইসলাম ভূঁইয়া। রিটের প্রাথমিক শুনানি শেষে ১২ আগস্ট চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।