জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. মুজিবর রহমান।
জবানবন্দিতে মুজিবর রহমান বলেন, একাত্তরে রংপুরের টাউন হলে নারীদের আটকে রেখে নির্যাতনের সঙ্গে আজহারুল ইসলাম জড়িত ছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মুজিবর রহমান জবানবন্দি দেন।
জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তিনি রংপুরের বদরগঞ্জে শ্যামপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ১৯৭০ সালে তিনি বদরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। একাত্তরের ১৬ এপ্রিল তিনি জানতে পারেন, রংপুর থেকে একটি ট্রেন টেকশোর হাটের কাছে থামে। ওই ট্রেন থেকে নেমে পাকিস্তানি সেনা, আজহারুল ইসলাম ও জামায়াতের লোকজন গুলি করতে করতে উত্তর দিকে মোকসেদপুর গ্রামের দিকে এগোয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, নারী-শিশুসহ ১৫ জন গুলিতে নিহত হয়েছেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ১৭ এপ্রিল পার্বতীপুর ও রংপুর থেকে দুটি ট্রেন ৬ নম্বর ও ১০ নম্বর রেলগেটের সামনে থামে। রংপুর থেকে আসা ট্রেনে পাকিস্তানি সেনাদের সঙ্গে আজহারুল ইসলাম ও জামায়াতের অন্য নেতারা ছিলেন। উভয় ট্রেন থেকে নেমে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা বুজরুক হাজীপুর, কিসমত ঘাটাবিল, রামকৃষ্ণপুর, খোর্দ প্রভৃতি গ্রাম ঘেরাও করে এলোপাতাড়ি গুলি চালায় এবং বাড়িঘরে আগুন দেয়। আক্রান্ত গ্রামগুলোর লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী ঝাড়ুয়ার বিলে পালায়। পরে ঝাড়ুয়ার বিলে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করে।
মুজিবর রহমান বলেন, একাত্তরের ২২ ডিসেম্বর রংপুরের টাউন হলে গিয়ে তিনি রক্তমাখা অসংখ্য শাড়ি, ব্লাউজ, পেটিকোট, কাচের ভাঙা চুড়ি পড়ে থাকতে দেখেন। বিভিন্ন দেয়ালে ছিল রক্তের দাগ। টাউন হলের পাশে একটি কুয়ায় কয়েকজন নারীর লাশ ভাসতে দেখেন। টাউন হলের লোকজনের কাছে জানতে পারেন, বিভিন্ন স্থান থেকে নারীদের ধরে টাউন হলে এনে নির্যাতন ও ধর্ষণের সঙ্গে আজহারুল ইসলাম জড়িত ছিলেন।
জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সুবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।