নারী নীতি বাতিলের দাবিতে শুক্রবার মিছিল সমাবেশ
প্রস্তাবিত নারী নীতি বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বাদজুমা ঢাকাসহ সারা দেশে মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আইন বাস্তবায়ন পরিষদ। সংগঠনটির ডাকা আগামী ৪ এপ্রিল হরতালের সমর্থনে আগামীকালের এই কর্মসূচি ঘোষণা করেন এর আমির মুফতি ফজলুল হক আমিনী। তিনি গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি আমিনী বলেন, প্রস্তাবিত নারী নীতি হলো নারীকে পুরুষ বানানোর তদবির ও কলাকৌশল। জীবন দিয়ে হলেও এ নীতিমালা প্রতিহত করা হবে। ইসলামে হরতাল বৈধ কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পবিত্র কোরআন-হাদিসে হরতালের বিরুদ্ধে কোনো কথা নেই। পাকিস্তানে হরতাল হয়েছে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, নেজামে ইসলাম পার্টির সভাপতি আবদুর রকীব, ইসলামী আইন সংরক্ষণ কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ।