নারী নীতিতে এমন কিছু নেই যে হরতাল ডাকতে হবে
জাতীয় নারী উন্নয়ন নীতিতে এমন কিছু নেই, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। অযথাই একটি গোষ্ঠী এ নিয়ে হরতাল ডেকেছে। নারী-পুরুষের বৈষম্য দূর করতেই সংবিধান অনুযায়ী নারী নীতি প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুটি ভিন্ন অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন।জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র এতে বক্তব্য দেন।এলজিইডি মিলনায়তনে ‘নারীর শিক্ষা, প্রশিক্ষণ ও বিজ্ঞানে প্রবেশের সুযোগ সৃষ্টি: প্রেক্ষিত এলজিইডি’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী নানক বলেন, বর্তমান সরকার নারী-পুরুষ বৈষম্যহীন দেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসীন এ খান প্রমুখ বক্তব্য দেন।সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নারী দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে নয়জন নারীকে সম্মাননা দেওয়া হয়।এদিকে নারী উন্নয়ন নীতি, ২০১১ www.mowca.gov.bd এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে।সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘নতুন নারী নীতিতে বড় পরিবর্তন নেই’ প্রতিবেদনে ভুলবশত লেখা হয়েছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন। আসলে এটি হবে মুসলিম উত্তরাধিকার আইন।