নারী পাচার চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি কমিউনিটি সেন্টারে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চক্রের কবল থেকে তিন নারীকে উদ্ধার করা হয়৷
গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হলেন নিখিল চন্দ্র দাস (৪৫), আবদুল মজিদ (৩০), মনিকা (২১), চঞ্চলা রানী (৩৮), আরিফুল ইসলাম (২৬), নবী হোসেন (৪০), আনোয়ার হোসেন (৩০) ও গোপাল মন্ডল (৫৬)। নিখিল দাস ভারতীয় নাগরিক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল বৃহস্পতিবার ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা পুলিশ-ডিবি) মনিরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ২০-২৫ জন নারীকে ভারতে পাচার করেছেন বলে স্বীকার করেছেন।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদ বলেছেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকার নিখিল চন্দ্র দাসের সহযোগিতায় চক্রের সদস্যরা কম বয়সের মেয়েদের আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচার করে আসছিলেন। নিখিলের পূর্ব পরিচিত চঞ্চলা রানী ও গোপাল মন্ডল সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের বাংলাদেশি দালাল। তাঁরা মেয়েদের সংগ্রহ করতে মজিদ, হানিফ, আরিফুল ইসলাম, নবী হোসেন ও আনোয়ার হোসেনসহ কয়েকজনকে নিয়োজিত করেন। তাঁরা বিভিন্ন এলাকা থেকে মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসতেন। পরে তাদের ঢাকা থেকে সড়কপথে বেনাপোলে নেওয়া হতো। সীমান্ত এলাকার হায়দার ও নাজিমের মাধ্যমে তাঁরা মেয়েদের সীমান্ত পার করে ভারতীয় নাগরিক নিখিলের হাতে তুলে দিতেন। এ জন্য নিখিল প্রত্যেককে ৭০ হাজার টাকা করে দিতেন। নিখিল এসব মেয়েকে ভারতের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করতেন।
ব্রিফিং শেষে উদ্ধার হওয়া এক নারী সাংবাদিকদের বলেন, ২০ দিন আগে পূর্বপরিচিত আবদুল মজিদ তাঁকে ভারতে চাকরির প্রস্তাব দেন এবং আরও কয়েকজন মেয়েকে সংগ্রহ করে দিতে বলেন। ১৪ মে মজিদের কথামতো তিনি ও আরও দুই নারী ভারতে চাকরির জন্য মজিদের মুঠোফোনে কথা বলেন। মজিদ তাঁদের বিকেল চারটার দিকে যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে থাকতে বলেন। তাঁরা সেখানে উপস্থিত হয়ে মজিদসহ ১০-১২ জন লোক দেখতে পান। মজিদ জানান, ভারতে যেতে কারোরই পাসপোর্ট লাগবে না । মজিদ চাকরির স্থান জানাতে না পারায় তাঁদের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভারতে যেতে অস্বীকার করলে তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তখন তাঁরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এবং ডিবি পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।