নারী পাচারকারী সন্দেহে গ্রেপ্তার ১১
রাজধানীর ফকিরাপুলের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ১১ জনকে আটক করেছে র্যা ব। র্যা বের দাবি, তাঁরা নারী পাচারের সঙ্গে জড়িত। ওই প্রতিষ্ঠানটির মাধ্যমে মধ্যপ্রাচ্যে গিয়ে প্রতারিত নারী ও তাঁদের পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যা ব-৩-এর একটি দল ওই অভিযান চালায়।
র্যা বের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনজন নারীর অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে ফকিরাপুলের এমএইচ ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে ১ হাজার ১৩৪ জন নারীর পাসপোর্টসহ নারী পাচারের বিপুল কাগজপত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির মালিক মকবুল হোসেন, রাজিব হোসেন, মো. ইসমাইল, রাকিব, আমিনুল ইসলাম খান, শাহীন হোসেন, মাহবুব আলম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম এবং নুর আলম।
কর্মকর্তারা জানান, রাজধানীর গোড়ানের এক নারী দেড় লাখ টাকা দিয়ে ওই প্রতিষ্ঠানটির মাধ্যমে সৌদি আরব যান। কথা ছিল সৌদি আরবে তাঁকে মাসিক ৩০ হাজার টাকা বেতনে হাসপাতালে আয়ার চাকরি দেওয়া হবে। সৌদি আরবে যাওয়ার পর তাঁকে তুলে দেওয়া হয় দালালদের হাতে। বিভিন্ন দালালের হাতবদলের পর একটি বাসায় ১৮ দিন আটকে রাখার পরে তাঁকে দেহব্যবসায় বাধ্য করতে নির্যাতন করা হয়। এভাবে দুই মাস মানবেতর জীবনযাপনের পর ওই নারী এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। মকবুল উল্টো তাঁকে গালিগালাজ করেন। এর পরে পরিবারের দ্বারস্থ হন ওই নারী। পরে তাঁর স্বামী এমএইচ ইন্টারন্যাশনালকে আরও ৩০ হাজার টাকা দিলে ওই নারীকে দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত।
একইভাবে মানিকগঞ্জের এক নারীকে হাসপাতালে চাকরির কথা বলে জর্ডান পাঠান মকবুল। জর্ডানে পৌঁছার পর মেয়েটিকে একটি বাড়িতে আটকে রেখে যৌনব্যবসায় লিপ্ত হতে বাধ্য করা হয়। পরে মেয়েটি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্দশার কথা জানায়।