কথিত ‘জিনের আছর’ ছাড়ানোর নামে সিলেটে ঝাড়ফুঁকের উদ্ভট চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী সৈয়দা মারওয়া রিফাত (১৮) মারা যাওয়ার মামলায় নারী পীর ও বাসার গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। মামলার মোট নয় আসামির মধ্যে বাকি সাতজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল শনিবার এ অভিযোগপত্র দেন সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অঞ্জন রায়। সিলেট নগরের আম্বরখানা এলাকায় বসবাসকারী একটি প্রবাসী পরিবারের বড় সন্তান রিফাত গত বছরের ৩ ডিসেম্বর এক নারী পীরের উদ্ভট চিকিৎসায় মারা যান। এ ঘটনায় রিফাতের মামা সাফায়েত আহমদ চৌধুরী বাদী হয়ে রিফাতের চিকিৎসা প্রদানকারী পীর তহুরা বেগম (৬০) ও রিফাতের বাসার গৃহকর্মী রোকিনা বেগমসহ নয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ রিফাতের বাসা থেকে গৃহকর্মী রোকিনাকে গ্রেপ্তার করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা নারী পীরের এলাকা নগরের রায়নগরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশে দেন। রিফাতের বাবা দুবাইপ্রবাসী সৈয়দ মুহিদুল ইসলাম প্রায় সাত বছর আগে মারা যান। রিফাতের মা সিদ্দিকা আক্তার চৌধুরী মেয়ে রিফাত ও দুই ছেলেকে নিয়ে আম্বরখানায় ইলেকট্রিসাপ্লাই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রিফাত নগরের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসহোম থেকে এইচএসসি পরীক্ষা পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ করা হলেও ঘটনার সঙ্গে নারী পীর তহুরা ও বাসার গৃহকর্মী রোকিনা সরাসরি সম্পৃক্ত। অভিযোগপত্রে বলা হয়, ঘটনার ১৫ দিন আগে রিফাতদের বাসায় গৃহকর্মী যোগ দেন। গৃহকর্মী তাঁদের জানান, একজন ভালো নারী পীর আছেন। যাঁর কাছে গেলে রিফাতের চিকিৎসা হবে। তাঁর কথায় নারী পীরের বাসায় ঘটনার তিন দিন আগে রিফাতের পরিবারের সদস্যরা যান। ২ ডিসেম্বর রাতের বেলা নারী পীর তহুরা কথিত চিকিৎসা দেন। এ সময় তিনি চিকিৎসা খরচ বাবদ নগদ ৭৭ হাজার টাকা নেন। নারী পীরের তাবিজ, পানিপড়া ও দুধপড়া তাঁর নির্দেশমতো ব্যবহার করলে পরে রাত প্রায় ১১টায় রিফাতের অবস্থা খারাপ হয়। এ অবস্থা পীরকে জানালে তাঁর নির্দেশে রিফাতকে আগুন জ্বালিয়ে নাকে-মুখে ধোঁয়া এবং বাথরুমে নিয়ে ঠান্ডা পানিতে একাধিকবার গোসল করানো হয়। জিন ছাড়ানোর নামে তখন রিফাতকে চড়-থাপড় মারা হয়। অচেতন হয়ে পড়লে ৩ ডিসেম্বর ভোর ছয়টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।