নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারী-পুরুষ এক হয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কেন্দ্রে ‘সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ছেলেমেয়ে উভয়ে শালীনভাবে চলাফেরা করবে, এটাই আমাদের কাম্য৷ মেয়েদের লেখাপড়া ও চাকরি করার সুযোগ দিলেই নারী অধিকার প্রতিষ্ঠিত হবে না। তাদের মুক্ত ও স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দিতে হবে। অংশগ্রহণ ক্ষমতায়নকে নিশ্চিত করে না। পোশাক কারখানার একজন শ্রমিক সারা দিন কাজ করছে বলে এটাকে ক্ষমতায়ন বলা যাবে না।’ সমাজ পরিবর্তনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন তিনি৷
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্ল পাওয়ার প্রজেক্টের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) উদ্যোগে ‘শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ’বিষয়ক প্রতিবেদনের জন্য ওই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে তিনটি শ্রেণিতে সেরা প্রতিবেদনের জন্য সম্মাননা দেওয়া হয়৷ ‘শিশুর কোলে শিশু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসানকে জাতীয় দৈনিকের সেরা প্রতিবেদক নির্বাচিত করা হয়। এ ছাড়া আঞ্চলিক দৈনিক করতোয়ার নীলফামারী জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান ও ‘অনলাইনে উত্তর বাংলা’র নীলফামারী জেলা প্রতিনিধি ইনজামাম-উল-হককে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য সম্মাননা দেওয়া হয়৷ মনোনীত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও একটি করে মডেম তুলে দেন মন্ত্রী।
এ ছাড়া খবরপত্র-এর নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলম, জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি তৈয়ব আলী সরকার ও স্থানীয় নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমানকে শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান৷
এর আগে মন্ত্রী ৬১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সদর উপজেলার পলাশবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ওই ভবনটি নির্মাণ করছে। এ উপলক্ষে বিদ্যালয়ের চত্বরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় সভাপতিত্ব করেন৷