সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, মুক্তচিন্তা ও বুদ্ধির চর্চা এবং বিশ্বাসের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হলে সম্পূর্ণ নারী মুক্তি বা উন্নয়ন সম্ভব নয়। সমাজের সব ক্ষেত্রে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠিত করতে প্রয়োজন সামাজিক বিপ্লব এবং রাজনৈতিক আন্দোলন।
নেত্রকোনা শহরে গতকাল বৃহস্পতিবার দুপুরে বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। স্বাবলম্বী উন্নয়ন সমিতি প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
স্বাবলম্বীর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান রওশন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া প্রমুখ।