বরিশালে মহিলা পরিষদের সম্মেলনে বক্তারা
নারী-পুরুষের বৈষম্য দূর করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে
নারী-পুরুষ সমানভাবে উন্নয়নে অংশ না নিলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। নারী-পুরুষের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। নারীরা যাতে আরও শিক্ষিত হতে পারেন, সমাজের সব কাজে অংশগ্রহণ করতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের একাদশ বরিশাল জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বরিশাল নগরের বান্দ রোডে মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে (বরিশাল মিলনায়তন) বেলা ১১টায় এ সম্মেলন শুরু হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো। তিনি বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ একটি বড় সমস্যা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ১৮ বছরের নিচের কাউকে বিয়ে দেওয়া ঠিক নয়। সবাইকে এই চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শ্রম অধিকার নারীর মানবাধিকার। নারীর শ্রম ও মজুরিতে বৈষম্য রয়েছে। কৃষি, তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে নারীদের অধিকার আদায়ের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে। তিনি নারীদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আয়শা খানম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক, জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ।
এর আগে সকাল নয়টায় অশ্বিনীকুমার হল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রা করে অংশগ্রহণকারীরা মিলন কেন্দ্রে আসেন। এতে প্রায় এক হাজার নারী অংশ নেন।