৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে গতকাল রোববার ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।
কর্মসূচিতে বক্তারা নারী-পুরুষের বৈষম্য দূর করতে ও একসঙ্গে কাজ করার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম, মানবাধিকারকর্মী আমিনুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা সেলিম প্রমুখ।
বেলা ১১টার দিকে মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি মাগুরার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।
প্রায় একই সময়ে মাগুরার শ্রীপুর ও শালিখা উপজেলায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নিজ নিজ উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরে শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহম্মদ আলী চৌধুরী, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরে সফুরী ফেরদৌস, ব্র্যাকের প্রতিনিধি নেফাজ উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নূর মহল আশরাফী প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।