নারী-পুরুষের বৈষম্যহীন সমাজ নির্মাণের আহ্বান
রাজনৈতিক ক্ষমতা, মানুষ হিসেবে মর্যাদা আর নারী-পুরুষের বৈষম্যহীন সমতাভিত্তিক মানবিক সমাজ নির্মাণের আহ্বান জানিয়ে পালিত হলো নারী সংহতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপে সোপার্জিত স্বাধীনতা চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব আহ্বান জানান। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ও নারী সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘পুরুষতান্ত্রিক অনুভূতির জায়গাকে কাজে লাগিয়ে পুঁজিবাদ নারীর শরীরকে পণ্য ও পর্নো করে এক বিরাট ব্যবসায়ের পসার সাজিয়েছে। বর্তমানে শেয়ারবাজার ও মাদকের পর তৃতীয় লাভজনক বিনিয়োগ হলো যৌন-বাণিজ্য।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল বলেন, অধিকাংশ মানুষের মুক্তির লড়াইকে পাশ কাটিয়ে নারীর মুক্তির লড়াই সফল হওয়া অসম্ভব। পৃথিবীর দেশে দেশে বিভিন্নভাবে মানবিক মুক্তির লড়াই জারি আছে, জারি আছে নারীর মুক্তির লড়াই। এখন সময় এসেছে নারীর বিরুদ্ধে সংঘটিত সব নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আশু কর্মসূচি গ্রহণ করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।
গণসংহতি আন্দোলনের সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশের প্রধান দুই দলের নেতৃত্ব নারীর হাতে থাকলেও এই ক্ষমতা রাজনীতির পরিবারতন্ত্রের পথ ধরেই তাদের ওপর বর্তেছে। এই দুই দলের দুজন নারী নেতৃত্ব ছাড়া বাকিরা মূলত শোভাবর্ধক হিসেবে অবস্থান করেন।
নারী সংহতির সভাপতি শ্যামলী শীলের সভাপতিত্বে এ সময় পোশাকশ্রমিক রূপালী আখতার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মৌসুমী শবনম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে আর নয় চুপ থাকা পথনাটক পরিবেশন করা হয়। এ সময় নারী আন্দোলনের সাহসী নারীদের আলোকচিত্র প্রদর্শনী হয়। অনুষ্ঠানে পুরুষতান্ত্রিকতার প্রতীক হিসেবে কুশপুত্তলিকা দাহ করা হয়।