নারী-পুরুষের শ্রদ্ধাবোধের জায়গা তৈরির আহ্বান
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, নারীর প্রতি সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ ও জনসচেতনতা বাড়াতে হবে।
গতকাল রোববার ‘নারীর সমতাভিত্তিক উন্নয়নে চাই সুশাসন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে এটি আয়োজন করা হয়। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মানুষ হিসেবে সবাইকে সমানভাবে সম্মান দিতে হবে। নারী-পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করতে হবে। নারী অধিকার নিশ্চিত করার জন্য সবার মানসিকতার পরিবর্তন করতে জরুরি।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের মহাসচিব সেলিনা হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রতিযোগিতায় সারা দেশের উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক বিতার্কিক অংশ নেন।
বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল রাফেয়া। একই বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান প্রথম রানারআপ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাকিল আহমেদ দ্বিতীয় রানারআপ হয়েছেন। বিজ্ঞপ্তি।