নারী-পুরুষের সমতা: চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগোতে হবে

বাংলাদেশে নারী-পুরুষের সমতার সংগ্রামের অধ্যায়টি বহুল আলোচিত। সাম্প্রতিক সময়ে অন্য সব অর্জনের পাশাপাশি বাংলাদেশ এ ক্ষেত্রে একটি সম্মানজনক স্থানে অবস্থান করছে বলে বিভিন্ন তথ্যসূত্রে এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। সরকারের ইতিবাচক নীতি, উদ্যোগের পাশাপাশি দেশের নারী আন্দোলন কর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের অক্লান্ত সংগ্রাম ও অব্যাহত চেষ্টার ফলে আজ দেশের প্রতিটি সেক্টরে নারীদের উপস্থিতি এবং অংশগ্রহণ ক্রমশ দৃশ্যমান হচ্ছে। যদিও এখনো রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে যুক্ত হয়েছে করোনাভাইরাস মহামারি। এই সময়টায় নারীদের নতুন করে সংকটের মুখে পড়তে হয়েছে। এমন সাম্প্রতিক কিছু বিষয়ের চিত্র তুলে ধরা হলো। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এটি সহায়ক হবে বলে আশা করি।
জেন্ডারভিত্তিক সহিংসতা
করোনার সময়ে দেশব্যাপী বেড়েই চলছে জেন্ডারভিত্তিক সহিংসতা। পারিবারিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ, তালাক এবং নারী নির্যাতনের নির্মম চিত্র পাওয়া যাচ্ছে। এ সময়ে নারী নির্যাতনবিরোধী চলমান সামাজিক আন্দোলন না থাকায় নারীদের এগিয়ে চলার যে যাত্রা, গ্রামীণ অর্থনীতিতে তাদের যে সক্রিয় অংশগ্রহণ এবং পরিবারে তাদের যে অবদান, তা ক্রমান্বয়ে বাধাগ্রস্ত হচ্ছে। গত মে মাসে ৭ হাজার গ্রামীণ পরিবার নিয়ে স্টেপস পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে ৪ হাজার ৫৫০টি পরিবারে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছেন। মানুষের কর্মহীনতা, আয়রোজগার কমে যাওয়া, নিজেদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া, খাবারের সংকট ও পরিবারে ঋণের বোঝা বাড়ার কারণে প্রতিনিয়ত বেড়ে চলছে নারীর প্রতি সহিংসতা।
বিপদে গ্রামীণ নারী উদ্যোক্তারা
এই করোনাকালীন মহাদুর্যোগে নারীদের শ্রমে গড়ে ওঠা বিভিন্ন উদ্যোগ এবং ব্যবসাসমূহ পুঁজির অভাবে প্রায় বন্ধ হওয়ার পথে। প্রায় ৮০ শতাংশ গ্রামীণ ক্ষুদ্র নারী উদ্যোক্তা ইতিমধ্যে তাঁদের পুঁজি হারিয়েছেন বলে খবর বেরিয়েছে। গত মার্চ ২০২০ থেকে দেশে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে শুরু হওয়া লকডাউনের কারণে অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের মতো দেশের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কার্যক্রমও কার্যত অচল হয়ে পড়েছে।
এ সময়ে পরিবারের সদস্যদের খাবার জোগান দেওয়া, নিয়মিত নানাবিধ চাহিদা মেটানোসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা তাঁদের দীর্ঘদিনের অর্জিত সম্পদ এবং পুঁজি হারিয়েছেন। ফলে থমকে গেছে তাঁদের উদ্যোগ ও ব্যবসা। অন্যদিকে তাঁদের ওপর বাড়ছে ঋণের বোঝা। গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের যে সক্রিয় অংশগ্রহণ এবং পরিবারে তাঁদের যে অবদান, তা ক্রমান্বয়ে বাধাগ্রস্ত হচ্ছে। ঘাড়ে চেপে বসেছে ঋণের বোঝা। এই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পাশে যদি এখনই দাঁড়ানো সম্ভব না হয়, তাহলে থমকে যাবে নারীর অর্থনৈতিক উন্নয়নের চাকা। ঘরে ঢুকে যেতে বাধ্য হবেন গ্রামীণ উদ্যোক্তা নারীদের একটা বড় অংশ ।
স্থানীয় কাঠামোয় নারী
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল ‘জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২০’ অনুযায়ী, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে। এটি আশার খবর অন্যদিকে স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ মানুষকে আশাবাদী করে তুলেছিল। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকারসহ রাজনৈতিক দল ও স্থানীয় পর্যায়ের নানা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বেড়েছে, সরকারি নীতি আর বেসরকারি উদ্যোগের কারণে। কিন্তু বর্তমানে করোনাকালীন সংকটের কারণে, নারীরা পড়েছেন সবচেয়ে বড় বাধার মুখে। লকডাউনজনিত মানুষের ঘরে আটকে পড়ার কারণে, স্থানীয় সরকারের সঙ্গে যুক্ত একটি বড় অংশের নারী প্রতিনিধিরা সরকারি–বেসরকারি উদ্যোগের অংশীদার হতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এলাকার গরিব মানুষকে সহায়তার কাজে তাঁদের যুক্ত করা হয়নি বলে নারীরা জানিয়েছেন। পরিবারের চাপের কারণে তাঁরা ছিলেন ঘরবন্দী। এ সুযোগে তাঁদের উপেক্ষা করেই পুরুষ প্রতিনিধিরা ত্রাণ বিতরণসহ সরকারি নানা কার্যক্রম পরিচালনা করেছেন। ফলে নারী প্রতিনিধিরা তাঁদের এলাকার ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন।
সবচেয়ে বড় আশার জায়গা ছিল রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা বিষয়ে সরকারের নির্দেশনা। সেটিও এখন ভেস্তে যাওয়ার উপক্রম। ইতিমধ্যে গত ১৮ জুন নির্বাচন কমিশন (ইসি) দল নিবন্ধন আইনের খসড়া প্রকাশ করে আগামী ৭ জুলাইয়ের মধ্যে এর ওপর মতামত চেয়েছেন। এই খসড়ায় সবচেয়ে উদ্বেগের বিষয়টি হলো, রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী পদ পূরণে যে সময়সীমা ছিল, তা আর রাখতে চাইছেন না নির্বাচন কমিশন। উল্লেখ্য যে রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার অন্যতম শর্ত ছিল ২০২০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী পদ পূরণ করতে হবে।
মেয়েশিশুদের ঝরে পড়া ও বাল্যবিবাহ
গত মার্চ মাস থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে করোনা সংকটের কারণে। তবে আশঙ্কা আছে যে করোনা–পরবর্তী সময়ে বিদ্যালয় খুলে দেওয়া হলেও অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরা পেটের দায়ে শিশুশ্রমের দিকে ঝুঁকে পড়বে। ফলে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়াসহ, শিশুশ্রম বৃদ্ধি পাবে। এই ঝরে পড়া শিশুদের মধ্যে মেয়েশিশুই সবচেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। করোনার কারণে যে দারিদ্র্য বাড়বে, তাতে পরিবারের প্রতিদিনের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। এর ফলে মেয়েশিশুদের শিক্ষা অব্যাহত রাখা পরিবারের জন্য কঠিন হবে। পরিবারে মেয়েশিশুরা হয়ে উঠবে বোঝা। ফলে মেয়েশিশুদের বাল্যবিবাহের হার বাড়বে।
এই করোনার সময়ে দেশের প্রতিটি সেক্টরে বেড়ে চলছে সংকট ও বঞ্চনা। মনে রাখা দরকার, নারী-পুরুষের সমতা এটি শুধু স্লোগান নয়, এটি একটি রাজনৈতিক বিশ্বাস ও দর্শন। তাই নারী উন্নয়নের ক্ষেত্রে এত দিনের সব অর্জন যাতে অনাহূত শক্তি করোনা গিলে ফেলতে না পারে, সেই উদ্যোগ নিতে হবে। সবাইকে নিয়ে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। হাত লাগাতে হবে এখনই। যদি আমরা ব্যর্থ হই তাহলে নারী-পুরুষের সমতার সংগ্রাম মুখ থুবড়ে পড়বে।
* চন্দন লাহিড়ী। মুক্ত সাংবাদিক ও উন্নয়নকর্মী
[email protected]