নারী পুলিশ নিহত, শিশুসন্তান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন থেকে নেমে তিন বছরের সন্তানকে নিয়ে রেললাইন পার হতে গিয়ে আরেকটি ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন গৃহবধূ মুক্তা রানী মিত্র (২৩)। গুরুতর আহত হয়েছে তাঁর শিশুসন্তান অর্জনও। রাজধানীর মালিবাগে গতকাল বুধবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
অর্জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছিলেন স্বামী রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল অনিক সরকার। আরও ছিলেন অনিকের ভাতিজা নন্দন সরকার। নেত্রকোনার বাড়ি থেকে ট্রেনে গতকাল দুপুরে ঢাকায় ফেরার পর দুর্ঘটনার শিকার হন অনিকের স্ত্রী ও সন্তান। স্ত্রী ও সন্তান হতাহতের ঘটনায় অনিক বারবার মূর্ছা যান। মুক্তা রানী আদালতের নিরাপত্তা শাখার কনস্টেবল ছিলেন। গতকাল সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, শিশু অর্জনের জ্ঞান ফেরেনি।
নন্দন সরকার জানান, ১৪ মার্চ তাঁর কাকা ও কাকি সন্তান নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে বেড়াতে যান। তিনিও সঙ্গে ছিলেন। গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে হাওর এক্সপ্রেস ট্রেনে তাঁরা ঢাকায় ফিরছিলেন। বেলা পৌনে দুইটার দিকে ট্রেনটি মালিবাগ ও খিলগাঁও এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে কাকি তড়িঘড়ি নামতে যান। কাকা পরে নামতে বললেও কাকি অর্জনকে নিয়ে নেমে যান। সঙ্গে সঙ্গে তাঁরা নামলেও এরই মধ্যে কমলাপুরের দিক থেকে আসা একটি ট্রেন রেললাইনে কাকি ও অর্জনকে ধাক্কা দেয়।
নন্দন সরকার বলেন, ট্রেনটি যাওয়ার পর ফিরে দেখি, ‘অর্জন ও কাকি রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে আছেন।’ তাদের উদ্ধার করে খিলগাঁও এলাকার খিদমাহ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক কাকিকে মৃত ঘোষণা করে। অর্জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মুক্তা রানী ও তাঁর শিশু ছেলের ধাক্কা লাগলে তাঁরা ছিটকে কিছুটা দূরে পড়েন। তাঁর বাঁ হাতের দুটি আঙুল কাটা পড়েছে। এ ছাড়া শিশুটির হাত, মাথা ও পায়ে জখম হয়েছে।
আরও দুজন: মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কমলাপুর বাসস্ট্যান্ডের সামনে বেপরোয়া গতির একটি ট্রাক এক নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী ঘটনাস্থলে মারা যান। তাঁর পরিচয় মেলেনি। পরনে ছিল চেক সালোয়ার ও কামিজ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বনানীর ১১ নম্বর রোডে ট্রাকের চাকায় বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা যান। তিনি মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন। শারীরিক প্রতিবন্ধী বাবুল ভিক্ষাবৃত্তি শেষে রিকশায় বস্তিতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে সড়কের ওপর পড়েন। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। তাঁর গ্রামের বাড়ি সিলেটে।