নারী পুলিশ পেশাদারির সঙ্গে কাজ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে পুলিশের নারী সদস্যদের কার্যক্রম ভিকটিম সাপোর্ট সেন্টার এবং তদন্তের মধ্যে থেমে নেই। তাঁরা পুলিশের নীতিনির্ধারণে অংশগ্রহণসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাদারির সঙ্গে কাজ করছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) প্রথম জাতীয় সম্মেলন ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তারা  এসব  কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা  মহানগর  পুলিশের  (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ১৯৭৪ সালে মাত্র সাতজন করে  নারী উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবল বাংলাদেশ পুলিশ যোগ দেন। বর্তমানে নারী পুলিশের সদস্যসংখ্যা ছয় হাজারেরও বেশি। তিনি বলেন, নারী পুলিশ শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারি দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশকে জেন্ডার সংবেদনশীল হিসেবে গড়ে তুলতে জেন্ডার গাইডলাইন এবং জেন্ডার মডিউল তৈরি করা হয়েছে।

পিআরপির (পুলিশ সংস্কার কর্মসূচি) প্রকল্প ব্যবস্থাপক হেনক ভ্যান ঝিল বলেন, পুলিশ বাহিনীর নারী সদস্যদের  পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মান উন্নয়নে পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় ইউএনডিপি অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  আইজিপি হাসান মাহমুদ খন্দকার নারী পুলিশ গঠনে অবদান রাখার জন্য আমন্ত্রিত বিশেষ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে নারী পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র এবং একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। বিপিডব্লিউএনের দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১০০ নারী সদস্য প্রশিক্ষণ গ্রহণ করছেন।

পুলিশ নারীর সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বে যোগ্যতা অর্জনের  উদ্দেশ্যে  ২০০৮ সালের ২১ নভেম্বর বিপিডব্লিউএন গঠিত হয়।