নারী পুলিশকে যৌন নিপীড়নের অভিযোগে ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী পুলিশ সদস্যকে যৌন নিপীড়নের অভিযোগে দিনাজপুরের বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার বিকেলে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড্) করা হয়েছে। ওসির দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক আবদুর রাজ্জাককে।দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে অভিযুক্ত কর্মকর্তা এ টি এম আমিনুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সব মিথ্যা।বিরামপুর থানা সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর বিরামপুর থানায় যোগ দেন তিন নবীন নারী কনস্টেবল। গত বুধবার বিকেলে থানার পেছনের মাঠে ওই তিনজনের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন ওসি। পরে তাঁদের ওসি নিজের সরকারি বাসায় (কোয়ার্টারে) নিয়ে যান। সেখান থেকে ফেরার পর ওই তিন নারী কনস্টেবল ওসির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন।অভিযুক্ত আমিনুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ওই তিন নারী কনস্টেবল যোগদানের ১০ দিনেও তাঁর সঙ্গে কোনো কথা হয়নি। গত বুধবার বিকেলে থানার মাঠে ওই তিন কনস্টেবলের সঙ্গে দাঁড়িয়ে তিনি প্রায় এক ঘণ্টা কথা বলেছেন। এর বাইরে কোনো ঘটনা ঘটেনি। ওসির দাবি, ১০ জানুয়ারি দিনাজপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার বিরামপুর থানা পরিদর্শনে এলে থানার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনের অভিযোগ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে থানার ওই কর্মকর্তারা নারী কনস্টেবলদের দিয়ে তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ তুলেছেন।গতকাল বৃহস্পতিবার সকালে বিরামপুর থেকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার সময় একজন নারী কনস্টেবল অঝোরে কাঁদছিলেন। এ ব্যাপারে অভিযুক্ত ওসি বলেন, ‘মেয়েটি থানায় কয়েক দিন চাকরি করার কারণে হয়তো মায়া জন্ম নিয়েছে। এ কারণে কান্নাকাটি করতে পারে।’ ওসির দাবি, পুলিশ সুপারের জরুরি বেতার বার্তার নির্দেশ অনুযায়ী ওই তিনজনকে থানা থেকে দিনাজপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর গতকাল সকালে ওই তিন নারী কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তিনি নিজে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। তিন নারী কনস্টেবলের ভাষ্যমতে, বুধবার বিকেলে ওসি তাঁদের সঙ্গে কথা বলে পরে থানা ক্যাম্পাসে বাসায় দাওয়াত দেন। তিনজন বাসায় গেলে ওসি একজনকে অন্য কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেন। এতে ওই কনস্টেবল ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে তাঁর অপর দুই সহকর্মীকে বিষয়টি জানান।’ অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘নারী কনস্টেবলদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে গতকাল বিকেলে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’