নারী পোশাককর্মীরা এখনো নানা নির্যাতনের শিকার
নারীরা কাজ করে নিজের অবস্থানের পরিবর্তন করেছেন, নিজ পরিবারেরও দায়িত্ব গ্রহণ করেছেন৷ তার পরেও পোশাক কারখানায় কর্মরত এই নারীরা কেবল কর্মক্ষেত্রেই নন, পারিবারিকভাবেও তাঁরা নানা ধরনের নির্যাতনের শিকার হন।
গতকাল শুক্রবার সকালে সিরডাপ মিলনায়তনে জাতীয় মহিলা পরিষদ আয়োজিত ‘পোশাকশিল্পে নারীর অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়৷
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, সমাজবিজ্ঞান িবভাগের সহকারী অধ্যাপক সামিনা লুৎফা এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অতনু রাব্বানী৷
মূল প্রবন্ধে বক্তারা বলেন, ২০১৩-এর হিসাব অনুযায়ী নিম্ন মজুরি, পুরুষ সহকর্মী কর্তৃক যৌন হয়রানি, অনিয়মিত বেতন থাকা সত্ত্বেও আমাদের দেশে ৯০ শতাংশ পোশাককর্মীই নারী। শহরাঞ্চলে নারীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। যার মধ্যে প্রধান হচ্ছে পুষ্টির অভাব, নিম্ন মজুরি, জীবনযাত্রার উচ্চ ব্যয়, অস্বাস্থ্যকর বাসস্থান এবং স্বাস্থ্যসেবার অভাব। নারীশ্রমিকদের মধ্যে ৯৬ ভাগ টয়লেট শেয়ার করেন। একটি টয়লেট গড়ে প্রায় ২৮ জন নারী ব্যবহার করেন। এর ফলে তাঁদের মধ্যে নানা ধরনের শারীরিক অসুস্থতা, যেমন ইউটিআই ইনফেকশন লক্ষ করা যায়। অর্থনৈতিক সমস্যার কারণে তাঁরা প্রোটিন ও আমিষজাতীয় খাদ্য অনেক কম খান এবং ফলাফল হিসেবে তাঁরা শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের যদি শহর থেকে দূরে বাসস্থানের ব্যবস্থা করতে হয়, তাহলে তাঁদের যাতায়াত ও থাকার খরচ অনেক বেড়ে যাবে৷ এই সুবিধাগুলো তাঁদের না দিলে কখনোই এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব নয়৷
বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, নারীর অবস্থানের পরিবর্তনের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের ব্যাপারে সরকারের সহায়তা একান্ত প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের মূল লাভের পাঁচ শতাংশ শ্রমিকদের স্বার্থে ব্যয় করার কথা, কিন্তু তা করা হয় না। শ্রমিকদের এই অবস্থার পরিবর্তন আনতে হলে ট্রেড ইউনিয়নের ওপর যথাযথ গুরুত্ব দিতে হবে। তা যদি না করা হয়, তবে শ্রমিকেরা ক্রমাগতভাবেই শাসন ও শোষণের শিকার হবেন।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিত কুমার, পোশাকশিল্পের শ্রমিক নিলুফার ইয়াসমিন।