নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মারবদী গ্রামে সাদিয়া আক্তার (১৮) নামের পোশাক কারখানার এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সাদিয়া তাঁর কর্মস্থল বন্দর উপজেলার মদনপুর এলাকার জাহিন ফ্যাশন থেকে গত শনিবার রাত ১০টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। মারবদী এলাকায় সড়কে একা পেয়ে দুর্বৃত্তরা তাঁকে জোরপূর্বক ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল ভোরে এলাকাবাসী তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সাদিয়া আক্তারের মা জামিরুন বেগম বলেন, ‘আমার মেয়েকে কর্মস্থলে যাওয়া-আসার পথে এলাকার কয়েকজন বখাটে যুবক কুপ্রস্তাব দিত। তারাই আমার মেয়েকে হত্যা করেছে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সাদিয়া মৃত্যুর আগে ধর্ষিত হয়েছিলেন কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে।