
ট্রেনের বাইরে থেকে পাথর নিক্ষেপের কারণে প্রীতি দাশ নামের এক নারী প্রকৌশলীর মৃত্যুর ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। এদিকে সোমবার গ্রেপ্তার হওয়া যুবক মো. রুবেলের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ১৮ আগস্ট রিমান্ডের শুনানি হবে।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ‘ঘটনার সঙ্গে সুনির্দিষ্টভাবে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। রুবেলকে রিমান্ডে নেওয়া গেলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’ প্রীতি দাশের শ্রাদ্ধ গতকাল মঙ্গলবার পশ্চিম পটিয়ার শাহ মিরপুর গ্রামে তাঁর বাবার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন স্বামী মিন্টু দাশ। গত শনিবার রাতে ঢাকা যাওয়ার সময় তূর্ণা নিশীথা ট্রেনে কে বা কারা পাথর ছুড়ে মারলে প্রীতি দাশের মাথায় লাগে। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রীতি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।