
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, বুদ্ধি হওয়ার পর থেকে একজন নারী সারা জীবনের প্রতিটি মুহূর্ত নির্যাতনের শিকার হওয়ার শঙ্কায় থাকেন। নারীদের নির্যাতিত হওয়ার চেয়ে নির্যাতনের শঙ্কা আরও ভয়াবহ।
গতকাল বুধবার বিকেলে রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কৌশলগত পরিকল্পনা ও বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, পাঁচজন দুর্বৃত্ত যে ক্ষতি করে, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন ভালো মানুষ চুপ করে থাকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ থেকে রক্ষা পাওয়ার প্রথম উপায় হচ্ছে একে মেনে না নেওয়া। জঙ্গিবাদ ভেড়া হয়ে সামনে আসে কিন্তু এর প্রকাশ পায় নেকড়ের মাধ্যমে।
অনুষ্ঠানে জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম বলেন, নারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই এ দেশে অনেক নতুন আইন তৈরি হয়েছে এবং আইনের সংস্কার হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বেসরকারি সংস্থা অক্সফামের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার, মানবাধিকারকর্মী ফৌজিয়া খন্দকার, চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া, আমরাই পারি-এর জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক প্রমুখ। সভার আগে সকাল থেকে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের ৪০টি জেলার ৮০ জন কর্মী অংশগ্রহণ করেন।