নারীর ওপর নিপীড়ন-সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিপিবি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে সিপিবি নেতারা এই আহ্বান জানান। নারীর প্রতি সব ধরনের নিপীড়ন, খুনি, ধর্ষক ও যৌন নিপীড়ক-উত্ত্যক্তকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিপিবি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, যৌন নিপীড়নসহ নারীর প্রতি নিপীড়ন-সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইভ টিজিংয়ের কথা বলে অপরাধকে হালকা করা হচ্ছে। বক্তারা বলেন, প্রচলিত পুঁজিবাদী-পুরুষতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতাই আজ ফুটে উঠেছে। নারীর প্রতি সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের সব অনুষঙ্গ প্রচলিত এ রাষ্ট্রব্যবস্থার মধ্যেই নিহিত। রাষ্ট্রের চরিত্র পরিবর্তন এবং সমতার সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে কেবল এ সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। সিপিবির কেন্দ্রীয় নেত্রী লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, মোর্শেদ আলী, মাহফুজা খানম, এ এন রাশেদা, লীনা চক্রবর্তী প্রমুখ। বেলা একটার দিকে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।