নারী প্রার্থীদের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আছমা বেগম ২০১১ সালের ভৈরব পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছিলেন। ভোটে সাফল্য পেলেও গত পাঁচ বছর মাসিক সভায় উপস্থিত হয়ে চা-বিস্কুট খাওয়া ও স্বাক্ষর করা ছাড়া তেমন কিছুই করার ছিল না তাঁর। এতে জনগণের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে এবং আস্থার সংকট তৈরি হয়। এবারও তিনি প্রার্থী হয়েছেন।
বিজয়ী হলে এবার তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ কাউন্সিলরদের পাশাপাশি সমান সুযোগ চান। আর এ জন্য পৌর পরিষদ আইনের সুস্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন তিনি।
পৌর পরিষদ সূত্র জানায়, পৌর আইনে বলা আছে, সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রকল্পের ৩০ শতাংশ কাজ নারী কাউন্সিলরদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। অন্য প্রকল্পও তাঁদের পরামর্শ নিয়ে গ্রহণ করার কথা বলা আছে। কিন্তু বাস্তব চিত্র উল্টো।
কষ্ট ও ক্ষোভ নিয়ে আছমা বেগম প্রথম আলোকে বলেন, ‘লজ্জার কথা কী বলব। পাঁচটি বছর জন্মনিবন্ধন ও নাগরিক সনদে স্বাক্ষর করে সময় পার করেছি। তা-ও চাইলেই যখন-তখন সাধারণ কাউন্সিলরদের পাওয়া যায় না বলে আমরা সুযোগটি পেয়েছি। এ ছাড়া অন্য সব কাজে আমাদের সাইড (কোণঠাসা) করে রাখা হয়। হাসি-ঠাট্টা করে।’ একই অভিজ্ঞতার কথা জানালেন সাত পৌরসভার আরও বেশ কয়েকজন মহিলা কাউন্সিলর।
কিশোরগঞ্জের আট পৌরসভার মধ্যে নির্বাচন হচ্ছে সাতটিতে। ২০১১ সালের নির্বাচনে সাতটির পৌরসভার ২২টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৭৮ নারী। এবার করছেন ৮২ জন। আগেরবার ছিলেন, এবারও করছেন—এমন প্রার্থীই বেশি।
নারী কাউন্সিলরদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ওয়ার্ডের ৯৯ দশমিক ৯৯ শতাংশ কাউন্সিলর পুরুষ। সংরক্ষিত ওয়ার্ডটি নারীদের মধ্যে সীমাবদ্ধ। একটি ওয়ার্ডের ভোট পেয়ে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হন। সেদিক দিয়ে তিনটি ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ওয়ার্ড গঠিত হয়। একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হতে শ্রম ও অর্থ ব্যয় বেশি হয়। আবার কাজ ও মর্যাদার দিক দিয়ে সাধারণ কাউন্সিলরদের চেয়ে তাঁদের অবস্থান অনেক পেছনে।
সরেজমিনে জানা গেছে, নারী প্রার্থীরা এখন পর্যন্ত ভোটারদের মধ্যে আগ্রহ জাগাতে পারেনি। কদিন পর নির্বাচন হলেও বেশির ভাগ ভোটার ভোট প্রয়োগের জন্য এখনো প্রার্থী বাছাই করেননি। অনেকে প্রার্থীর নাম ও প্রতীকের সঙ্গে পরিচিত নন। ভোটার ভাবনা সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে আটকে আছে।
ভৈরব নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, নির্বাচন শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর নারী কাউন্সিলররা ভোটারদের মন থেকে হারিয়ে যান। পরের নির্বাচন না আসা পর্যন্ত আড়াল থেকে তাঁরা আর বের হয়ে আসতে পারেন না।
উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে নারী কাউন্সিলরদের কাজে লাগানো এবং মর্যাদাপূর্ণ করে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।