নারী প্রার্থীদের বাধা দিচ্ছেন দলের নেতারাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি নির্বাচন
সিটি নির্বাচন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯৩টি ওয়ার্ডে প্রধান দুই দল সমর্থন দিয়েছে আটজন নারী প্রার্থীকে। আওয়ামী লীগ সমর্থন দিয়েছে দুজনকে, বিএনপি ছয়জনকে। এর বাইরে আছেন আরও ছয়জন। এখন পর্যন্ত ৬৬৩ কাউন্সিলর প্রার্থীর মধ্যে নির্বাচনী দৌড়ে আছেন ১৪ জন নারী।
দলের সমর্থন না পেয়ে দুই দলের চারজন প্রার্থী নির্বাচন করছেন। এর বাইরে এনডিএফের একজন প্রার্থী ও স্বতন্ত্র একজন প্রার্থী আছেন। বিগত সিটি করপোরেশন নির্বাচনেও নারীদের সরাসরি আসনে অংশগ্রহণ ছিল কম। মাত্র ছয়টি ওয়ার্ডে ছিলেন নারী কাউন্সিলর।
রাজনৈতিক আন্দোলন, মিছিল, সমাবেশে দল দুটির অনেক নারী কর্মীকে দেখা গেলেও মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এবারও কার্পণ্য করেছে প্রধান দুই দল। আবার খোঁজ খবর নিয়ে আরও জানা গেছে, সরাসরি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পাওয়া দুই প্রার্থী নিজ দলেরই নেতা এবং স্থানীয় সাংসদদের অসহযোগিতার মুখে পড়েছেন। মনোনয়নপত্র জমা দিলেও প্রত্যাহার করতে হয়েছে বা দলের সমর্থন পাননি এমন কমপক্ষে চারজন নারী প্রার্থী বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব নারীর ক্ষমতায়নের ব্যাপারে যতটা আন্তরিক, তাঁদের রাজনৈতিক সহকর্মীরা ততটা আন্তরিক নন।
ঢাকা উত্তরের ১৬ নম্বর ওয়ার্ডে নির্বাচন করছেন মাহমুদা বেগম। এর আগে তিনি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কমিশনার ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘স্থানীয় সাংসদ কামাল মজুমদার প্রকাশ্যে মতিউর রহমান মোল্লার পক্ষে ভোট চাইছেন। আমার পক্ষে যাঁরা কাজ করেন তাঁদেরও তিনি হুমকিধমকি দিচ্ছেন।’ তিনি আরও জানান, গত শনিবার মতিউর রহমান মোল্লা মিলাদ পড়ে তাঁর নির্বাচনী কার্যালয় খুলেছেন। সেই মিলাদে কামাল মজুমদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘কেউ একজনকে বসিয়ে দিলেই তো হবে না। এলাকার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সবাই মতিউর রহমান মোল্লাকে চায়। আমাকে তো মাঠের পরিস্থিতি বুঝতে হবে।’ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করছেন কেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলনিরপেক্ষ নির্বাচন। তবে যেখানে প্রার্থী নিয়ে ঝামেলা আছে, সেখানে আমি শুধু মেয়রের পক্ষে ভোট চাইছি।’
একই অভিযোগ করেছেন শিরিন রুখসানা। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শিরিন বলেন, ‘আওয়ামী লীগের লোকজন দলের নির্দেশ অমান্য করে অন্যপ্রার্থীর পক্ষে কাজ করছেন।’
স্থানীয় সাংসদ আসলামুল হক স্নেহভাজন ইকবাল হোসেন তিতুর পক্ষে মাঠে নেমেছেন বলে অভিযোগ উঠেছে।
জানতে চাইলে আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার পরিচ্ছন্ন কথা, দল যাকে সমর্থন দিয়েছে আমি তাঁর পক্ষে, ব্যাস।’
এ দিকে বিএনপি থেকে সমর্থন না পাওয়া নারী নেত্রীদের অভিযোগ, দল তাঁদের কাজের মূল্যায়ন করেনি। সমর্থন না পাওয়াদের মধ্যে রয়েছেন সাবেক দুই কমিশনার। তার পরও তাঁরা নির্বাচন করছেন।
রুনু আক্তার বলেন, ‘আমার স্বামী ও আমি মোট ২৩ বছর কমিশনার ছিলাম। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। কিছুদিন আগেও আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। পুলিশ আমার বাড়িঘর ভাঙচুর করেছে। আমার ছেলেকে থানায় আটকে রাখা হয়েছে। তার পরও আমাকে দল সমর্থন দেয়নি। আমি খুব দুঃখ পেয়েছি। কিন্তু আমি নির্বাচন করব।’ একই ধরনের অভিযোগ অপর এক কমিশনার শরমিলা ইমামেরও।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘প্রার্থী বাছাইয়ের সময় নারী-পুরুষ বৈষম্য করা হয়েছে, বিষয়টি এমন না। আমরা চাই নারীদের অংশগ্রহণ বাড়ুক। কিন্তু যোগ্যতা ও জয়ের বিষয়টাও দেখতে হবে।’
কোথাও কোথাও ব্যবহার হচ্ছেন নারী। খোঁজখবর নিয়ে জানা গেছে যাঁদের স্বামীরা নানা মামলায় জড়িয়েছেন, মাঠে তাঁদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে দাঁড়িয়েছেন নারীরা। ঢাকা উত্তরে ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র তুলেছিলেন স্বপ্না আহমেদ। তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁর স্বামী যদি কোনো কারণে নির্বাচন করতে না পারেন, সে আশঙ্কায় তিনি মনোনয়নপত্র তুলেছিলেন। একই কারণে নির্বাচনে আছেন দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ডের জোহরা রহমান। তিনি জানান, স্বামী লুৎফর রহমানের কিছু ‘অসুবিধা’ আছে। তাই তিনি দাঁড়িয়েছেন। তাঁর স্বামী লুৎফর রহমান নির্বাচনী কাজ করছেন তাবিথ আউয়ালের সঙ্গে। ঢাকা দক্ষিণের ৫৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন আল্পনা শিকদার। তাঁর ভাশুর বিএনপির সাবেক কমিশনার মোজাম্মেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভাশুর পলাতক। সবাই বলল, পরিবার থেকে একজনকে দাঁড়াতে হবে। সে জন্যই নির্বাচন করছি।’ ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী খাজা হাবীবের স্ত্রী নার্গিস মাহমুদা ফরম তুলেছিলেন। তাঁর স্বামী বিএনপির সমর্থন পাওয়ায় প্রত্যাহার করে নিয়েছেন।