নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের ডিগ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে নারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।তবে পুরুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আগের মতোই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিই থাকছে। এসব বিষয় রেখে নতুন নিয়োগ বিধিমালা করা হচ্ছে। এই বিধিমালা চূড়ান্ত হলে ১৯৯১ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালার এ প্রসঙ্গটি বাতিল হয়ে যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৩’ জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন শেষে সরকারি কর্মকমিশনের (পিএসসি) অনুমোদন দিয়েছে। সেটি এখন আইনি যাচাইয়ের (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ফেরত আসার পরই রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রজ্ঞাপন জারি করা হবে।জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে বলেন এ রকম একটি বিষয় প্রক্রিয়াধীন আছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষা বর্তমানের পঞ্চম থেকে বৃদ্ধি করে অষ্টম শ্রেণী করার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে দেশের ৩৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলক ষষ্ঠ শ্রেণী চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে। কিন্তু বর্তমানে এসএসসি পাস শিক্ষক দিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া কঠিন হবে। আর এখন অধিক যোগ্যতাসম্পন্ন প্রচুর নারী প্রার্থী পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ের নিয়োগগুলোতে দেখা যাচ্ছে বেশির ভাগ নারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি বা তারও বেশি।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রজ্ঞাপন জারির পর থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।