নারী প্রার্থীর প্রতীক কেন চুড়ি, কেন বিমান নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ চুমকি l ফাইল ছবি
মেহের আফরোজ চুমকি l ফাইল ছবি

নারী প্রার্থীর প্রতীক কেন চুড়ি না হয়ে বিমান হলো না? এই প্রশ্ন তুলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি নির্বাচন কমিশনার পদে একজন নারীকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নারী কমিশনার থাকলে এ ধরনের স্পর্শকাতর বিষয়গুলো খেয়াল রাখতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রতিমন্ত্রী।
মেহের আফরোজ বলেন, ‘নারী আজ শুধু চুড়ি পরে গৃহে বন্দী নয়। নারীরা আজ বিমান চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, রাইফেল, স্টেনগান চালাচ্ছে। নারী প্রার্থীর প্রতীক শুধু চুড়ি, পাটা-পোতা ও হাঁড়ি-পাতিল নয়। নারী এখন সবকিছুর প্রতীক। নারী প্রার্থীর প্রতীক কেন চুড়ি না হয়ে বিমান হলো না?’
প্রতিমন্ত্রী ক্ষোভ নিয়ে বলেন, আগেও নারী প্রার্থীদের এ রকমের বিব্রতকর প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ করেছিল। প্রতিবাদও হয়েছিল। আবারও তা করা হলো। নির্বাচন কমিশনের এ রকমের দায়িত্বহীনতা দুঃখজনক।
আসন্ন পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য চুলা, চুড়ি, পুতুল, ফ্রক ইত্যাদি প্রতীক নির্ধারণ করে নির্বাচন কমিশন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী প্রতীকগুলো ‘খুব অপমানজনক’ উল্লেখ করে বলেন, এ ধরনের প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সনাতনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
সমাবেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, নারীকে সাহসী হতে হবে। কোনোভাবে পিছপা হওয়া যাবে না। তিনি নারী নির্যাতন প্রতিরোধে নারীর পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
শোভাযাত্রাটি রাজধানীর ইস্কাটনের মহিলাবিষয়ক অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক এ বি এম জাকির হোসেনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।