ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে একজন নারীও নির্বাচিত হননি। তবে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতাকারীর নয়জনই উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন। কোনো কোনো প্রার্থী সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হতেন বলে দাবি করেছেন।
ঢাকা উত্তরে বিএনপি-সমর্থিত প্রার্থী ৮ নম্বর ওয়ার্ডের ফেরদৌসী আহমেদ, ১২ নম্বর ওয়ার্ডের রুনু আক্তার, ৩৬ নম্বর ওয়ার্ডের সাজেদা আলী হেলেন, ঢাকা দক্ষিণের ২ নম্বর ওয়ার্ডের হাবিবা চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ডের শাহিদা মোর্শেদ ও ৩৮ নম্বর ওয়ার্ডের মেহেরুন্নেছা দ্বিতীয় অবস্থানে আছেন। এঁদের পাঁচজনের সঙ্গে কথা হয়। তাঁরা নানাভাবে হামলা ও বাধার শিকার বলে অভিযোগ করেছেন।
১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেন শিরিন রুখসানা। তিনি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন। তাঁর ওয়ার্ড থেকে ১২ হাজার ৭৪৩ ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন ইকবাল হোসেন তিতু। শিরিন রুখসানার ভোট ৫ হাজার ৬৩৭। শিরিন বলেন, ‘বাক্স ভরে ভরে জাল ভোট দেওয়া হয়েছে। আমি কি আর হেরেছি? আমাকে হারানো হয়েছে।’
গতকাল পর্যন্ত রুনু আক্তারের খোঁজ পাওয়া যায়নি। নির্বাচনের আগের দিন দুপুরবেলা রুনু আক্তারের মেয়েকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাজেদা আলীর অভিযোগ, তাঁকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন দলবল নিয়ে তাঁর বোনের ওপর হামলা করেছেন। তিনি নির্বাচন কর্মকর্তা বা পুলিশ কারও সহায়তা পাননি। সাজেদা বলেন, ‘এমন বিভীষিকাময় দিন আমার জীবনে আর আসেনি। আর যেন না আসে।’
ওই ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী তৈমুর রেজা নুরুন্নবী চৌধুরীর আত্মীয়। তিনি ৮ হাজার ৮১৫ ভোট পেয়ে জিতেছেন। সাজেদা পেয়েছেন ৩ হাজার ৩৯৩ ভোট। শাওনের দুটি ফোনই বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য মেলেনি।
প্রার্থীদের প্রায় সবাই পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। মিরপুর ৮ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আহমেদ অভিযোগ করেছেন, পুলিশের সামনেই তাঁর পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে ছাত্রলীগের ছেলেরা। আক্ষেপ করে তিনি বলেন, ‘পুলিশ যদি সন্ত্রাসী হয়ে যায়, তাহলে কার কী করার আছে?’
ঢাকা দক্ষিণের প্রার্থী হাবিবা চৌধুরী বলেন, ‘আমার মিছিলে যেদিন হামলা হলো, সেদিনই আমি জানতাম নির্বাচন সুষ্ঠু হবে না। পুলিশকে ডেকে আমি পাই না। কারণ, পুলিশ আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে বসে আড্ডা দেয়।’ কষ্ট করে কিছু কেন্দ্রে পোলিং এজেন্ট পাঠিয়েছিলেন। কিন্তু নির্বাচন শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই তাঁদের বের করে দেওয়া হয় বলে জানান তিনি।
দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মন্নাফী। ভোট পেয়েছেন ৪ হাজার ৬৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মেহেরুন্নেছা। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৮৮০।
উত্তরের ১৮ নম্বর ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র বিলকিস আলম পেয়েছেন ৯৮ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী রাবেয়া আলম পেয়েছেন ৪৬৭ ভোট। ২৩ নম্বর ওয়ার্ডের বিএনপির বিদ্রোহী প্রার্থী নীলুফা ইয়াসমীন ২৬৬, জোহরা রহমান ৬৮৮, আওয়ামী লীগের বিদ্রোহী খন্দকার রোমানা হাসান ২৪৮; দক্ষিণের সাবিনা জাহান ১৪৮, ২৮ নম্বর ওয়ার্ডের উম্মে খাদিজা পারভেজ ১৪টি ভোট পেয়েছেন।
এদিকে ঢাকা উত্তরের ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাহমুদা বেগম, কামাল মজুমদারের সমর্থনপুষ্ট বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মোল্লার মধ্যে কেন্দ্র দখলের চেষ্টা চলে। এতে আহত হয়েছেন মাহমুদা।
উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডে দলের বিদ্রোহী প্রার্থী নীলুফা ইয়াসমীন বলেছেন, বিএনপি থেকে অনেক ওয়ার্ডেই বিদ্রোহী প্রার্থী ছিল। নির্বাচনের পর দলের কোনো বড় নেতা যোগাযোগ করেননি। তিনি মনে করেন না, নির্বাচনে দাঁড়ানোয় দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।