নারী ফুটবলারদের ময়মনসিংহ জেলা পুলিশের সংবর্ধনা

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে শিরোপাজয়ী বাংলাদেশ দলের আটজনই ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের। এ আটজনসহ ১৭ নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন অনূর্ধ্ব-১৪ দলের অধিনায়ক মার্জিয়া আক্তারসহ কলসিন্দুরের নারী ফুটবলাররা। তারা সবাই ময়মনসিংহের ধোবাউড়ার উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থী।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক। উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, কলসিন্দুরের মেয়েরা বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। সমগ্র জাতি তাদের নিয়ে গর্ব করে। ময়মনসিংহের মানুষও তাদের নিয়ে গর্ব করে।