নারী বন্দীদের জন্য পৃথক প্রিজন ভ্যানের ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি রোধে নারী বন্দীদের পৃথক প্রিজন ভ্যানে পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এক রিটের প্রাথমিক শুনানির পর এ আদেশের পাশাপাশি রুল দেন।
৮ মার্চ ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে নারী বন্দীদের পরিবহনের সময় যৌন হয়রানি থেকে সুরক্ষায় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গত রোববার রিট করেন। রুলে দেশব্যাপী নারী বন্দীদের পরিবহনের সময় যৌন হয়রানি রোধে পৃথক ভ্যানের (যানবাহন) ব্যবস্থা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।