নারী বলীদের নিয়ে প্রথম আয়োজন দিদার-বেলাল যুগ্ম চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলীখেলায় রামুর দিদারুল আলম ও ঢাকার বেলাল হোসেন বলী যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রায় ৫০ মিনিট লড়াই করে বেলাল ও দিদার বলী কেউ কাউকে হারাতে পারেননি। ফলে খেলা পরিচালনা কমিটি দুই বলীকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে। দুই দিনব্যাপী বলীখেলার গতকাল শনিবার ছিল শেষ দিন। এবারের বলীখেলায় বিশেষ আকর্ষণ ছিল নারীদের বলীখেলা।৫৫ বছর ধরে কক্সবাজারে ডিসি সাহেবের বলীখেলা অনুষ্ঠিত হচ্ছে। দিদারুল আলম প্রকাশ দিদার বলী নবম বারের মতো চ্যাম্পিয়ন হলেন। জেলা স্টেডিয়ামে আয়োজিত খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি নুরুল হুদা ও এজাজুল ওমর চৌধুরী। নারীদের বলীখেলা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক ভিড় জমায়। বিকেল চারটার আগেই পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়। অনেকে স্টেডিয়ামের পাশের ভবনে উঠে নারীদের বলীখেলা উপভোগ করে। ঢাকা কুস্তি একাডেমি থেকে আসা রেনু বেগম ও বেনু আকতার সমাপনী দিনে বিকেল সাড়ে চারটায় মাঠে নামেন। তাঁদের দুজনের মধ্যে দুবার লড়াই হয়। প্রায় ১০ মিনিটের লড়াইয়ে দুবারই চ্যাম্পিয়ন হন বেনু আকতার। তাঁদের খেলা পরিচালনা করেন এমেচার রেসলিং ফেডারেশনের প্রশিক্ষক ও সদস্য আশরাফ আলী।শহরের টেকপাড়া থেকে খেলা দেখতে আসা ব্যবসায়ী নবাব মিয়া (৫৫) জানান, ‘৩৪ বছর ধরে এই স্টেডিয়ামে ডিসি সাহেবের বলীখেলা দেখছি। কিন্তু নারীদের নিয়ে বলীখেলা এই প্রথম দেখলাম। নারীদের নিয়ে আলাদাভাবে বলীখেলার আয়োজন করা গেলে এলাকার বহু নারী প্রতিভা বিকাশের সুযোগ পেতেন।’খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার (ক্রেস্ট ও সনদ) বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম। তিনি বলেন, ১৯৫৭ সাল থেকে এ স্টেডিয়ামে ডিসি সাহেবের ঐতিহ্যবাহী বলীখেলা ও মেলা হচ্ছে। এ বলীখেলার ৫৫তম আসরে নারী বলীদের অংশগ্রহণ ইতিহাস হয়ে থাকবে।