নারী বলেই প্রেশার কুকার, শিলপাটা, ভ্যানিটি ব্যাগ?

‘মা-খালাদের বলে যাই, মুলা মার্কায় ভোট চাই।’ শুধু মুলা নয়; ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের পক্ষে কেটলি, গ্লাস, মোড়া, পিঞ্জর, টিস্যু বক্স, পানপাতা, স্টিলের আলমারি, বয়াম, প্রেশার কুকার, হারমোনিয়াম, দোলনা, শিলপাটা, ঝুমঝুমি, ভ্যানিটি ব্যাগ ও টিয়ে পাখি প্রতীকে মাইকে বা নিজে গিয়ে ভোট চাইতে হচ্ছে।
সংরক্ষিত আসনের একাধিক নারী কাউন্সিলর পদপ্রার্থী এই ধরনের প্রতীক নিয়ে বিব্রত বলে জানিয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে লিখিতভাবে প্রতীক নিয়ে এ ধরনের বৈষম্য নিরসনের কথাও জানিয়েছেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৩ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মহিলা পরিষদ বলেছে, যুগ যুগ ধরে চলে আসা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতেই সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের এমন প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে।
তবে নির্বাচন কমিশন বলছে, প্রতীক বরাদ্দের সময় নারী-পুরুষ বা সাধারণ সংরক্ষিত আসন বিবেচনা করা হয়নি। আর এটি স্থায়ী কোনো বিধান নয়। তাই চাইলে পরেরবার প্রতীক পরিবর্তন করা সম্ভব।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী নুর জাহান মনি এবার গ্লাস মার্কা নিয়ে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘এইটা একটা মার্কা হইল? দেশে কত ফুল, পাখি আছে, তা না দিয়া দিছে এইসব। ফার্মগেটে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় সিইসির সামনে চিল্লাচিল্লি করছি। তাঁর সামনেই বলছি, এইবার যা হইছে তা মাইন্যা নিলাম। কিন্তু ভবিষ্যতে এইসব মার্কা আর দেখতে চাই না।’

ঢাকা উত্তরের আরেক প্রার্থী মাসুমা খাতুনের প্রতীক শিলপাটা। এবারই প্রথম নির্বাচনে অংশ নেওয়া মাসুমা খাতুন বলেন, ‘শিলপাটা, ভ্যানিটি ব্যাগ এইসব প্রতীক দেখলে লজ্জা লাগে। একসময় আমাদের নামই হবে মুলা আপা, ভ্যানিটি ব্যাগ আপা। আমরা ঘর থেকে বের হওয়ার জন্য সংগ্রাম করছি আর প্রতীকের মাধ্যমে আবার আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছে। প্রতীক দেখে মনে হয়, তোমরা আসো বলে দাওয়াত দিয়েছে, কিন্তু বাসায় গিয়ে দেখি তালা মেরে দিয়েছে।’
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ‘প্রথম আলো’কে বলেন, সমাজে নারীর প্রতি বৈষম্য বা নেতিবাচক মনমানসিকতার প্রতিফলন ঘটেছে সংরক্ষিত আসনের প্রতীক বরাদ্দের ক্ষেত্রে। নারীরা এগিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে তো বাস, অ্যারোপ্লেন বা গতিময় কোনো প্রতীক দেওয়া যেত। কিন্তু নারী নারী ভাব বজায় রাখার জন্য প্রতীক দেওয়া হয়েছে ভ্যানিটি ব্যাগ, শিলপাটা। শিলপাটায় নারী মরিচ পিষছে। নারীর প্রতীক হলো মুলা। এ ধরনের প্রতীক বরাদ্দের বিষয়টি খুবই অদ্ভুত। নির্বাচন কমিশনের মনমানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রার্থী জোবাইরা নার্গিস খান ১৯৯৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর আরেকবার হরিণ মার্কায় সংরক্ষিত আসনে নির্বাচন করেন। সব মিলে তিনি চারবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার প্রতীক পেয়েছেন স্টিলের আলমারি। তিনি প্রতীকটিকে ঠিক সেভাবে গ্রহণ করতে পারেননি, আবার প্রতিবাদও করেননি। তাঁর মতে, ‘অবশ্যই প্রতিবাদ জানানো উচিত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান তানিয়া হক বলেন, পিতৃতান্ত্রিক ক্ষমতার জায়গা রাজনীতি। সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের প্রতীকেও তার প্রতিফলন ঘটেছে। এ ক্ষেত্রে যিনি প্রার্থী হবেন, তাঁকেই জোরালো প্রতিবাদ জানাতে হবে। তবে নারী প্রার্থীদের অনেকেই ভাবেন ‘আমি প্রার্থী হতে পারছি এই অনেক’, মার্কা বা প্রতীক নিয়ে চিন্তা করার কিছু নাই। তাই নারী প্রার্থীদের সচেতনতাটাও জরুরি।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথমে ১৪০টি প্রতীক বরাদ্দ ছিল। পরে জাতীয় সংসদ নির্বাচনে ৬৫টি প্রতীক রাখা হয়। এর মধ্যে ৪০টি প্রতীক বিভিন্ন রাজনৈতিক দলের জন্য বরাদ্দ। ৭৫টি প্রতীক সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নির্বাচনের জন্য বরাদ্দ করা হয়। খেয়াল রাখা হয় এক নির্বাচনের প্রতীক যাতে অন্য নির্বাচনে বরাদ্দ না দেওয়া হয়।
কমিশন সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ‘প্রথম আলো’কে বলেন, এবার সংরক্ষিত আসনের প্রতীক নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা আছেন। কমিশন নারীদের হেয় করার জন্য বা সুপরিকল্পিতভাবে এই ধরনের প্রতীক বরাদ্দ করেছে, তা নয়। বিষয়টি কাকতালীয়। এবারের একটি প্রতীক কেটলি। দেশের সব চা-দোকানে কেটলি ব্যবহার করছেন পুরুষেরা। শিলপাটা এক সময় জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক ছিল। ঝাড়ু মার্কা নিয়ে মোদি দিল্লি জয় করেছেন, কিন্তু বাংলাদেশে কমিশন এ প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করতে সাহসই পায়নি। তবে প্রতীক নিয়ে যখন সমালোচনা শুরু হয়েছে, তখন এটি পরিবর্তন করা যাবে।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক প্রথম আলোকে বলেন, ‘আমার তো মনে হয়, নির্বাচনের প্রতীক হবে প্রার্থীর ছবি। যাকে মানুষ চিনবে ভোট দেবে, যাকে চিনবে না ভোট দেবে না। তবে সংরক্ষিত আসনের প্রতীক বরাদ্দ কমিশন ইচ্ছে করে করেনি। আর এটি কখনোই পরিবর্তন করা যাবে না, তা নয়।’
তবে এমন মতের সঙ্গে একমত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ধরেই নেওয়া হয়, নারী রাজনীতির মূলধারার প্রতিযোগী নয়। সংরক্ষিত আসনের প্রতীকগুলোকে নির্দোষ মনে করা হচ্ছে। কিন্তু আসলে তা নয়। নির্বাচন কমিশনসহ সমাজের পুরুষতান্ত্রিকতার মনোভাব লুকিয়ে আছে এ প্রক্রিয়ার ভেতর।
মেয়র পদপ্রার্থীদের প্রতীকের মধ্যে আছে টেবিল ঘড়ি, হাতি, ক্রিকেট ব্যাট, ইলিশ মাছ, লাউ, বাস, ময়ূর, চরকা, ইগল, ফ্লাস্ক, ডিশঅ্যান্টেনা, টেবিল, টেলিস্কোপ, চিতাবাঘ, কমলালেবু ও দিয়া শলাই।
আর সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের প্রতীকের মধ্যে আছে রেডিও, এয়ারকন্ডিশনার, লাটিম, ট্রাক্টর, ঘুড়ি, ঝুড়ি, মিষ্টি কুমড়া, ঠেলাগাড়ি, টিফিন ক্যারিয়ার, করাত, কাঁটাচামচ, ব্যাডমিন্টন র্যাকেট।