নারী বলেই সাধারণ গ্যালারিতে খেলা দেখতে পারেননি!
রাজশাহী স্টেডিয়ামে গত রোববার খেলা দেখতে গিয়ে শুধু নারী হওয়ার কারণে আয়োজক ও নিরাপত্তাকর্মীদের কাছে অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী আবৃত্তি পরিষদের সহসভাপতি ও বেসরকারি সংস্থা সনাকের সদস্য মুনিরা রহমান।মুনিরা জানান, রোববার ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে তিনি স্বামী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এসএ গেমসের খেলা দেখতে যান। এসএ গেমস উপলক্ষে স্টেডিয়ামের গ্যালারি শুধু নারীদের জন্য, ভিআইপি অতিথিদের জন্য ও সাধারণ দর্শকদের জন্য—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। মুনিরা পরিবারের সদস্যদের সঙ্গে সাধারণ দর্শকদের অংশে খেলা দেখতে বসেন। কিছুক্ষণ পর আয়োজকদের পক্ষ থেকে একজন এসে তাঁকে নারীদের অংশে গিয়ে বসতে বলেন। মুনিরা জানান, সন্তানের দেখাশোনা করার জন্য তাঁকে সেখানেই বসতে হবে। কিন্তু আয়োজক পক্ষের লোক তা না মেনে তর্ক করেন। মুনিরা সেখানেই বসে থাকলে তিনি চলে যান। একটু পর একজন পুলিশ সদস্য এসে মুনিরাকে আবারও গ্যালারির নারীদের অংশে গিয়ে বসতে বলেন। মুনিরা জানান, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বসতে চান। কিন্তু পুলিশ সদস্য তাঁর যুক্তিতে অনড় থাকেন এবং মুনিরাকে বারবার উঠে যেতে বলেন। একসময় তাঁরা মুনিরা ও তাঁর পরিবারের সদস্যদের স্টেডিয়াম ছেড়ে যেতে বাধ্য করেন।এ অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে এসএ গেমসের স্থানীয় সাংগঠনিক কমিটির সদস্যসচিব ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা ওরফে কিসলু প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি তো ভাই আমার জানা নেই। আমার কাছে কেউ অভিযোগ করেনি। স্বেচ্ছাসেবকেরাই মেয়েদের আর পুরুষদের আলাদা করে বসিয়েছে।’ তবে আনুষ্ঠানিকভাবে নারী ও পুরুষদের আলাদা করে বসানোর কোনো নিয়ম ছিল না বলে জানান তিনি।রাজশাহী মহানগর পুলিশের (পশ্চিম) উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতাম। যার যেখানে খুশি বসার অধিকার রয়েছে।’