নারী ব্যাংক কর্মকর্তা খুনে সাবেক স্বামী আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট্রাল রোডে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আরিফার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করা হয়। আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন মামলাটি করেন।

আসামি ফখরুল এখনো পলাতক। তবে তাঁকে খুব দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, মামলায় ফখরুলকে একমাত্র আসামি করা হয়েছে। থানা-পুলিশ, ডিবি ও র‍্যাব ঘটনাটি তদন্ত করছে। ফখরুলকে শিগগিরই গ্রেপ্তার করা যাবে বলে আশা করা হচ্ছে।

সেন্ট্রাল রোড-সংলগ্ন ১৩ ওয়েস্টঅ্যান্ড স্ট্রিটের পাঁচতলা ভবনের নিচতলায় সাবলেট থাকতেন আরিফা। গতকাল সকালে কাজে বের হয়ে নিজ বাসার দরজায় ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আরিফাকে তাঁর সাবেক স্বামী ফখরুল খুন করেছেন বলে অভিযোগ স্বজনদের।

আরিফার গ্রামের বাড়ি জামালপুর শহরে। ফখরুলদের বাড়িও ওই একই শহরে।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস ডিপার্টমেন্টের কর্মী ফখরুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনা পড়েন।

আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন বলেন, ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর আরিফা প্রথমে সিটি ব্যাংকে চাকরি নেন। গত এপ্রিলে যোগ দেন যমুনা ব্যাংকে। পরিবারের অমতে ফখরুলকে বিয়ে করেন আরিফা। তাঁর বিবাহিতজীবন সুখের হয়নি। নানা ছুতায় তাঁকে মারধর করতেন ফখরুল। সাত-আট মাস আগে আরিফা তালাক দেন ফখরুলকে। এরপর থেকেই আরিফাকে হুমকি দিতে শুরু করেন ফখরুল।