উপজেলা পর্যায়ে নারী ভাইস চেয়ারম্যানরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারছেন না। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুরুষ ভাইস চেয়ারম্যানদের অবহেলা-অসহযোগিতা, বরাদ্দকৃত বাজেট প্রদানে তাঁদের গড়িমসি, দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহনের অভাব প্রভৃতি সমস্যা নারী ভাইস চেয়ারম্যানদের কোণঠাসা করে ফেলছে।
গতকাল রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানরা এসব অভিযোগ করেন। বাংলাদেশ মহিলা পরিষদ নারী পৌর মেয়র ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে।
২০০৮ সাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের বিধান চালু হয়। মহিলা পরিষদ সূত্রে জানা যায়, দেশে এখন ৪৮৭ জন নারী ভাইস চেয়ারম্যান আছেন। তবে মতবিনিময় সভায় নারী জনপ্রতিনিধিরা বললেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁরা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।
একটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন বলেন, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুরুষ চেয়ারম্যানই প্রাধান্য পান। কোনো সিদ্ধান্ত অনুমোদনে তাঁদের স্বাক্ষর দরকার হলে তখনই কেবল ডাক পড়ে। কোনো বিষয়েই তাঁদের মত জানতে চাওয়া হয় না।
ঝালকাঠি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান বলেন, নারী ভাইস চেয়ারম্যানরা উপজেলার ১৭টি দপ্তরের মধ্যে ৯টিতে স্ট্যান্ডিং কমিটির সভাপতি পদে আছেন। উপজেলার নারী উন্নয়ন ফোরামের সভাপতি তাঁরা। কিন্তু এই দপ্তরগুলোতে সিদ্ধান্ত গ্রহণে তাঁদের কোনো স্বাক্ষরের প্রয়োজন হয় না। বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিবি) নারীর উন্নয়নের জন্য বরাদ্দ ৩ থেকে ৫ শতাংশের তহবিলটিও তাঁদের হাতে এসে পৌঁছায় না।
উন্মুক্ত আলোচনা পর্বে ২৮ জন নারী ভাইস চেয়ারম্যান অংশ নেন। তাঁরা নারী ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ও ক্ষমতা সুস্পষ্টভাবে উল্লেখ করে প্রজ্ঞাপন জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নারী পৌর মেয়র হিসেবে সভায় অংশ নেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।