নারী ভোটার ছিলেন বেশি, 'সাহায্যকারীরা' ছিলেন সক্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর পৌনে ১২টা। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাকেরগঞ্জ সরকারি কলেজ ভোটকেন্দ্র। জানালা দিয়ে দেখা গেল, কেন্দ্রের নারী ভোটারদের একটি বুথে পর্দাঘেরা অংশে এক নারী ভোটারের সঙ্গে ঢুকে পড়েছেন এক ব্যক্তি। কিছুক্ষণ পর তিনি ব্যালট পেপার ভাঁজ করে ব্যালট বাক্সে ফেললেন। এরপর ওই নারীকে সঙ্গে নিয়ে কেন্দ্রের বাইরে এগিয়েও দিলেন। মিনিট খানেক পর আবার বুথের ভেতর ঢুকলেন তিনি।
বুথের ভেতরে গিয়ে ওই ব্যক্তি মো. মামুন। তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার প্রতিনিধি। ভোট দেওয়ার সময় গোপন কক্ষে কেন গিয়েছেন জানতে চাইলে তাঁর জবাব, ‘আমার স্ত্রী প্রথমবার ভোটার। তাঁকে ভোট দিতে সাহায্য করার জন্য গিয়েছিলাম।’ স্ত্রী হলেও ভোটদানের গোপন কক্ষে যাওয়া যায় কি না, এ প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।
প্রায় একই চিত্র দেখা গেল একই কেন্দ্রের আরেকটি বুথে। সেখানেও পরপর দুজন নারীকে ভোট দিতে ‘সাহায্য করতে’ গোপন কক্ষ পর্যন্ত গেলেন এক ব্যক্তি। পরিচয় জানতে চাইলে তিনি কোনো কথা না বলে ভোটকেন্দ্রের বাইরে চলে গেলেন। বুকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রতীকসংবলিত কার্ড লাগানো।
বিএনপির মেয়র প্রার্থী মতিউর রহমান মোল্লা অবশ্য অভিযোগ করেছেন, পৌরসভার নয়টি কেন্দ্রের সাতটি ওয়ার্ডে এভাবে ‘ভোট দিতে সাহায্য’ করেছেন সরকারদলীয় প্রার্থীর এজেন্ট। এ ছাড়া ভোটারদের ব্যালট নিয়ে বা সবার সামনে ভোট দিতে বাধ্য করেছেন নৌকার এজেন্টরা।
গতকাল সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বাকেরগঞ্জের সাতটি কেন্দ্র ঘুরে একটি কেন্দ্রে এই চিত্র দেখা গেল। তবে বাকি ছয়টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হতে দেখা গেছে। ভোট শুরুর আধা ঘণ্টা আগে থেকেই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুব প্রশিক্ষণ কেন্দ্রে ভোটারদের লম্বা সারি। সকাল আটটায় যখন ভোট গ্রহণ শুরু হয়, তখন দুই সারিতে ৪৫ জন নারী ও ৩১ জন পুরুষ দাঁড়িয়ে আছেন। এই ভোটকেন্দ্রের ২ নম্বর বুথে প্রথম ভোট দেন প্রায় ষাটোর্ধ্ব হালিমা খাতুন। তিনি বলেন, সুশৃঙ্খল পরিবেশে তিনি ভোট দিয়ে এসেছেন। সকাল নয়টার মধ্যে এই ভোটকেন্দ্রে ১১ শতাংশ ভোট পড়ে। সকাল ১০টার দিকে পৌরসভার একেবারে শেষ সীমানার ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, কোনো সরকারি স্থাপনা না থাকায় সেখানে অস্থায়ীভাবে নির্মিত কেন্দ্রে ভোট হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় প্রার্থীদের এজেন্টরা বাইরে বসে কাজ করছেন। ওই কেন্দ্রে তিনটি সারিতে অন্তত ৬০ জন নারী ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। পুরুষ ভোটারদের সারিতে মাত্র পাঁচজন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম সিকদার বলেন, দুর্গম এলাকা হওয়ায় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। এ জন্য সকালেই নিরাপত্তাকর্মীদের নিয়ে আসা হয়েছে।
বেলা পৌনে ১১টার দিকে ১ নম্বর ওয়ার্ডের রুনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক জড়ো হয়ে আছেন। কিছুক্ষণ পর সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের নেতৃত্বে বিজিবির সদস্যরা উপস্থিত হয়ে সমর্থকদের ভিড় সরিয়ে দেন। সকালে ভোটার উপস্থিতি বেশি থাকলেও দুপুরের পর বেশির ভাগ কেন্দ্র ফাঁকা হয়ে যায়।
সকাল সোয়া নয়টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট আক্কাছ আলী সিকদার বলেন, ‘এজেন্টরা মার্কা বলে দেতাছে।’ এরপর জোরে বলেন, ‘আমার তো মনে কয় ভোট সুস্থ হইতায়েছে না।’ বলামাত্রই বুথের অন্য সব নির্বাচনী এজেন্ট হইহই করে উঠলেন। ‘চাচা কী কন আপনে...ভোট ভালো হইতাছে...সাংবাদিক দ্যাখলেই খালি উল্টাপাল্টা কথা কন’—অন্য এজেন্টদের এসব বক্তব্যে চুপ মেরে যান আক্কাছ।
বেলা আড়াইটায় পুনর্নির্বাচনের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বিএনপির প্রার্থী মতিউর রহমান মোল্লা।
আওয়ামী লীগ প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া বলেন, তিনি কর্মীদের অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বললেন, বিএনপি প্রার্থীর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।