নারী ভোটার নিয়ে সুজনের তথ্য 'ভুল': ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক-সুজন ভোটার অন্তর্ভুক্তির ‌ক্ষেত্রে নারী ভোটার আশঙ্কাজনক কমে গেছে বলে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ‘ভুল’ তথ্য বলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বলা হয়েছে। আজ মঙ্গলবার ইসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে জানানো হয়, ‘সর্বশেষ ২০১৪-২০১৫ সালে হালনাগাদের পর পুরুষ ও নারী ভোটারের পার্থক্য ১২ শতাংশ অর্থাৎ নারী ভোটার কমে গেছে ১২ শতাংশ।’ সুজনের দেওয়া এ তথ্যকে নাকচ করে ইসি বলছে, ২০০৮ সালে ভোটার তালিকা তৈরির সময় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি হয়েছে। অথচ ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী নারীর চেয়ে পুরুষ সংখ্যা বেশি ছিল (পুরুষ ৫১ দশমিক ৫৪ শতাংশ এবং নারী ৪৮ দশমিক ৪৬ শতাংশ)। ২০০৮ সালে অনেক পুরুষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পরে পুরুষের বিপরীতে যে জেন্ডার গ্যাপ ছিল তা হালনাগাদ কর্মসূচিতে ক্রমান্বয়ে কমে এসেছে।
গত ১৫ জুন পর্যন্ত কমিশনের ডাটাবেজের তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে ইসি বলেছে, পুরুষ ও নারী ভোটারের শতকরা হার যথাক্রমে ৫০ দশমিক ৩৯ এবং ৪৯ দশমিক ৬১; যা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার শতকরা হারের প্রায় কাছাকাছি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার হার পুরুষ ৫০ দশমিক ০৬ এবং নারী ছিল ৪৯ দশমিক ৯৪।
এ ছাড়া সুজন সংবাদ সম্মেলনে বেশ কিছু জেলায় নারী ভোটার হওয়ার সংখ্যা ব্যাপকভাবে কমেছে বলে উল্লেখ করে যে তথ্য দেওয়া হয়েছিল তাও ইসির পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। সুজনের দেওয়া তথ্যে বলা হয়, বড় জেন্ডার গ্যাপ হলো ফেনীতে যা ৩৫ দশমিক ৩ শতাংশ, লক্ষ্মীপুরে ৩০ দশমিক ৮২ শতাংশ, নোয়াখালীতে ২৬ দশমিক ৪৪ শতাংশ, চাঁদপুরে ২৫ দশমিক ৭২ শতাংশ, কুমিল্লায় ২৩ দশমিক ৪ শতাংশ, কক্সবাজারে ২২ দশমিক ৫৮ শতাংশ এবং ভোলায় ২০ দশমিক ২৩ শতাংশ। ইসি এসব জেলার ভোটার সংখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছে, ফেনীতে পুরুষ ও নারী ভোটারের শতকরা হার যথাক্রমে ৫০ দশমিক ৩৭ ও ৪৯ দশমিক ৬৩, লক্ষ্মীপুরে ৫০ দশমিক ৩৪ ও ৪৯ দশমিক ৬৬, নোয়াখালীতে ৫০ দশমিক ৩৭ ও ৪৯ দশমিক ৬৩, চাঁদপুরে ৫০ দশমিক ৬১ ও ৪৯ দশমিক ৩৯, কুমিল্লাতে ৪৯ দশমিক ৯৫ ও ৫০ দশমিক ০৪, কক্সবাজারে ৫১ দশমিক ৪১ ও ৪৮ দশমিক ৫৮ এবং ভোলায় ৫০ দশমিক ৬৩ ও ৪৯ দশমিক ৩৬।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সম্পূর্ণ নির্ভুল ও নির্ভরযোগ্য ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশন সব সময় সজাগ, যত্নবান ও বদ্ধপরিকর।
এ ব্যাপারে জানতে চাইলে সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা সুজনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নারী ভোটার নিয়ে তথ্য ও ব্যাখ্যা চেয়েছিলাম। কিন্তু কমিশন তথ্য দেয়নি। তথ্য দিলে এ ধরনের বিতর্ক তৈরি হতো না। নারী ভোটার সংশ্লিষ্ট তথ্য সংকলনের সঙ্গে যুক্ত সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার ও অন্যান্য কয়েকজন বর্তমানে দেশের বাইরে আছেন। তাঁরা দেশে ফিরলে পরে এ বিষয়টি নিয়ে আমরা বসব।’